উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি এশিয়া ও আফ্রিকার ২২টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে উত্তরা ইউনিভার্সিটি। ইন্দোনেশিয়ার জাকার্তায় ২২ থেকে ২৫ জুন অনুষ্ঠিত ৫ম গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস (জিএসডিসি) ২০২৬-এ এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
টাইমস হায়ার এডুকেশন আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা, নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনে টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ এবং ইনস্টিটিউশনাল র্যাংকিং সেলের পরিচালক শেখ ইয়াসা শান। চার দিনব্যাপী সম্মেলনে তাঁরা উচ্চপর্যায়ের বৈঠক, কৌশলগত সম্পর্ক উন্নয়ন এবং একাডেমিক আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা করেন।
নতুন অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৫টি ইন্দোনেশিয়ার। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিতাস ব্রাবিজায়া, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ জাকার্তা, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ আহমদ দাহলান, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ সুরাবায়া, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ রিয়াউ, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ মাকাসার, ইউনিভার্সিতাস ইসলাম আহমদ দাহলান, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পালেমবাং, ইউনিভার্সিতাস নেগেরি পাদাং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পোনোরোগো, ইউনিভার্সিতাস পেনডিডিকান ইন্দোনেশিয়া মুহাম্মাদিয়াহ সোরং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ বুটন, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ মাগেলাং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পালাংকারায়া, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ জেম্বার এবং ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ তাঙ্গেরাঙ্গ।
এ ছাড়া ফিলিপাইনের ইউনিভার্সিটি অব দ্য ভিসায়াস, ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিলিপাইনস, ক্যাভিট স্টেট ইউনিভার্সিটি, সাউদার্ন লেইটে স্টেট ইউনিভার্সিটি এবং ইলোকোস সুর পলিটেকনিক স্টেট কলেজসহ দেশটির ছয়টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এবং দক্ষিণ আফ্রিকার ডারবান ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গেও সমঝোতা স্মারক সই করেছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসব সমঝোতার ফলে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা, সহ-লিখিত গবেষণা প্রকাশনা, পাঠ্যক্রম উন্নয়ন, ভিজিটিং স্কলার প্রোগ্রাম, দ্বৈত ডিগ্রি কার্যক্রম এবং আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও কর্মশালা যৌথভাবে আয়োজনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, এ অর্জন উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পৃক্ততা ও একাডেমিক উৎকর্ষ অর্জনের প্রতিশ্রুতির প্রতিফলন। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আন্তর্জাতিক সহযোগিতা সময়ের অপরিহার্য প্রয়োজন। নতুন অংশীদারিত্ব শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পরিসরে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বিশ্বমানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।