হোম > শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

একইসঙ্গে, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা আদালতের এই আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আদালতের এই স্থগিতাদেশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন চলার কথা ছিল।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া চলছিল। ইউনিটগুলো হলো—‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’।

চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে। এর মধ্যে:

বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিট: আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছিল।

চারুকলা ইউনিট: আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়।

আইবিএ ইউনিট: এই ইউনিটের আবেদন ফি অপরিবর্তিত রেখে ১ হাজার ৫০০ টাকা রাখা হয়েছিল।

চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এই ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল।

এর আগে, গত ৯ নভেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক জরুরি সভায় বেশ কিছু বিভাগে ভর্তির শর্ত শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত ন্যূনতম গ্রেডের শর্ত কমানো হয়েছিল।