জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাতের পর সমাবর্তনের তারিখের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে সমাবর্তনের তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন আয়োজনের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
এর আগে ২০২০ সালের ১১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়।