কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে যথাযথ কৌশল নেওয়ার জন্য ইউনেসকোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশনে বাংলাদেশের জাতীয় বিবৃতি উপস্থাপনকালে এই আহ্বান জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
গতকাল বৃহস্পতিবার এই অধিবেশনে সভাপতিত্ব করেন কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বক্তব্যে আবদুল খালেক বলেন, এআই-নির্ভর ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে হলে ইউনেসকোকে যথাযথ কৌশল নিতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ বিবেচনায় এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরুর বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার অগ্রাধিকার তুলে ধরে আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে। শিক্ষার্থীদের ভর্তির হার বাড়ানো, নিয়মিত উপস্থিতি ও পড়াশোনা অব্যাহত রাখা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।
আধুনিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে আবদুল খালেক বলেন, আধুনিক শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ও বহুমাত্রিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। এ লক্ষ্য সামনে রেখে জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী যুব ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ২০ লাখের বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে।
আবদুল খালেক আরও বলেন, মাতৃভাষাকে কেন্দ্রে রেখে বহুভাষিক শিক্ষার প্রসার ও প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করাও বাংলাদেশের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি ও সামাজিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, টিভিইটি সম্প্রসারণ ও বিনা মূল্যে শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন আবদুল খালেক।