বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশের শীর্ষ স্থান ধরে রাখা এবং ভবিষ্যতে এই খাতে বৈশ্বিক নেতৃত্ব অর্জনের জন্য গবেষণা, উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গ্রিন টেক্সটাইল প্রযুক্তির টেকসই অভিযোজন নিশ্চিত করতে হবে।
আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে (বুটেক্স) আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘টেক্সটাইল খাত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এই খাতে বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করতে হবে। টেক্সটাইল খাতে আমরা বিশ্বে নেতৃত্ব দিতে চাই, এ জন্য গবেষণা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গতানুগতিকতার বাইরে এসে উদ্ভাবনী ধারণা সংযোজন করতে হবে।’
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।
একই সঙ্গে তিনি পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে গ্রিন টেক্সটাইল প্রযুক্তি এবং টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার বা রিসাইক্লিং কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম এমন হতে হবে যেখানে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ ও সামাজিক প্রাসঙ্গিকতা অনুধাবন করতে পারে। উচ্চশিক্ষার লক্ষ্য কেবল সনদ প্রদান নয়; বরং শিক্ষার্থীদের কর্মজীবন, সামাজিক জীবন এবং জাতীয় উন্নয়নে কার্যকর অবদান রাখার উপযোগী করে গড়ে তোলা।