হোম > শিক্ষা

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষের বৈঠক

ঢাবি প্রতিনিধি

ফিলিস্তিনের দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে ছাত্রপক্ষের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে। আজ বৃহস্পতিবার রাজধানীতে অবস্থিত ফিলিস্তিনের দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন গোলাম মোস্তফা, আকরাম খান, মুয়াজ বিন হোসাইন, সাদিয়া আফরিন প্রমুখ।

বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সংহতি, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখার ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলের দ্বি-রাষ্ট্র সমাধান, বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে ফিলিস্তিনের জনগণের শান্তি, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ছাত্রপক্ষের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।