ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (এসবিই) আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে। এ উপলক্ষে শিল্প খাতের শীর্ষ ব্যক্তিদের অংশগ্রহণে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড এবং স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ।
প্যানেল আলোচনা পরিচালনা করেন বিশ্বখ্যাত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব। তিনি বর্তমান বৈশ্বিক ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রহিম আফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও নিয়াজ রহিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পরিচালক মির্জা সজিব রায়হান এবং বিশ্বব্যাংকের পার্টনার ড. মো. মাহবুব আলম।
প্যানেল আলোচনায় আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালুর তাৎপর্য, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করার উপায়, বিভিন্ন শিল্পে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিবর্তন, সমসাময়িক চ্যালেঞ্জ এবং এ খাতে সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. হোসনে আরা আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আফনান ইউসুফ এবং জেরিন মমতাজ চৌধুরী।