হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যালিফোর্নিয়ার আকাশে দেখা গেল যুক্তরাষ্ট্রের ‘ডুমসডে’ প্লেন

আজকের পত্রিকা ডেস্ক­

পারমাণবিক যুদ্ধের মতো চরম পরিস্থিতিতে এটি মার্কিন প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর জন্য আকাশে ভাসমান জরুরি কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারে। ছবি: নিউইয়র্ক পোস্ট

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আকাশে আবারও দেখা গেছে কথিত ‘ডুমসডে’ বিমান। বিশাল আকারের ‘বোয়িং ই-৬বি মার্কারি’ এই বিশেষ সামরিক বিমানটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আকাশে অনেক নিচু দিয়ে উড়তে দেখা গেছে। এটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে।

বুধবার (১১ মার্চ) নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত ‘বোয়িং ই-৬বি মার্কারি’ বিমানটিকে ক্যালিফোর্নিয়ার ফ্রেসোঁ শহরের আকাশে উড়ে যেতে দেখা যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি সেখানে অবতরণের অনুশীলন করছিল। প্রায় দুই ঘণ্টা ধরে এটি একাধিকবার ‘মক ল্যান্ডিং’ বা অনুশীলনমূলক অবতরণ চালায়।

বিশেষজ্ঞদের মতে, এই বিমানটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জরুরি কমান্ড প্ল্যাটফর্ম। পারমাণবিক যুদ্ধের মতো চরম পরিস্থিতিতে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর জন্য আকাশে ভাসমান একটি জরুরি কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারে। এমন পরিস্থিতিতে এটি কার্যত আকাশে ভাসমান একটি মোবাইল পেন্টাগনের (মার্কিন সামরিক সদর দপ্তর) ভূমিকা পালন করে।

বিমানটি কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী। এটি থেকে সরাসরি বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইলবাহী সাবমেরিন নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রয়োজনে বিমানটি টানা ১২ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং মাঝ আকাশে জ্বালানি নেওয়ার সুবিধাও রয়েছে, যার ফলে এর মিশন আরও দীর্ঘায়িত করা যায়।

মার্কিন সামরিক কর্মকর্তা মেজর জেনারেল গ্যারিসন জানান, এই প্ল্যাটফর্ম থেকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করা সম্ভব। তাঁর ভাষায়, ‘বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন—সবকিছুই এই এক প্ল্যাটফর্ম থেকে সমন্বয় করা যায়।’

এর আগে চলতি বছরের শুরুর দিকে বিমানটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দেখা গিয়েছিল। জানা গিয়েছিল, সেই সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাঁর তথাকথিত ‘আর্সেনাল অব ফ্রিডম’ সফরের অংশ হিসেবে বিমানটি ব্যবহার করছিলেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উড্ডয়ন এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়তে পারে। ফলে ‘ডুমসডে’ বিমানের এমন উপস্থিতি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

পুতিন ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন—মনে করেন ট্রাম্প

হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প

হাড়ে অনুভব করলেই বুঝব যুদ্ধ শেষ—ইরান প্রশ্নে ট্রাম্প

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপত্তা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন বাহিনী

বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের, আসতে পারে নতুন শুল্ক

ইরানকে ‘পুনর্গঠন অসম্ভব’ পর্যায়ে ঠেলে দেওয়ার হুমকি ট্রাম্পের

মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণ ও বিজয় নিয়ে মন্তব্যে নারাজ ট্রাম্প

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, সেখানে হামলা করার মতো আর কিছু নেই: ট্রাম্প