গাইবান্ধা সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কূপতলা ইউনিয়নের রামপ্রসাদ এলাকার রেললাইনের ৬৫-এফ নম্বর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অটোচালকের নাম রাজু মিয়া (২০)। তিনি সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙানোর (চান্দের বাজার) গ্রামের শফিউল ইসলামের (ভুন্দু) ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা বলছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাজু মিয়া তাঁর অটোরিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরে মোবাইলে কল দেওয়া হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ওই স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।’