হোম > সারা দেশ > রাজশাহী

প্রধানমন্ত্রীর উপহারের অটোরিকশা পেয়ে খুশি টুলি বেগম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

টুলি বেগমের হাতে অটোরিকশা চাবি হস্তান্তর। ছবি: আজকের পত্রিকা

সন্তানেরা খোঁজ নেন না। তাই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন রাজশাহীর বড়গাছি মালপাড়া গ্রামের টুলি বেগম (৪৮)। তাঁর সংগ্রামী জীবনের কথা জানতে পেরে তাঁকে একটি অটোরিকশা উপহার পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। এখন থেকে চালাবেন নিজের অটোরিকশা।

প্রধানমন্ত্রীর নির্দেশে আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে টুলি বেগমের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে টুলি বেগমের কাছে উপহারের অটোরিকশার চাবি বুঝিয়ে দেন। একই সঙ্গে দেওয়া হয় আর্থিক সহায়তাও।

এ সময় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন টুলি বেগম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তাঁর জন্য দোয়া করি।’

জানতে চাইলে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘অসহায় টুলি বেগমের বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবারকে’ তাঁর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি।’

রাজশাহী সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো অসহায়ের খবর জানতে পারলে তাৎক্ষণিক তাঁর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি।’

এ সময় সংগঠনের সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল শুরু

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

রাস্তায় পড়ে ছিল স্কচটেপ মোড়ানো লাইটার, রিভলবার ভেবে চাঞ্চল্য

স্থবির রাবির সাংস্কৃতিক অঙ্গন

রাজশাহীতে সাংবাদিককে মারধর করলেন বিএনপির নেতা-কর্মীরা

খরচ তুলতে না পারায় বন্ধ রাবির ই-কার সেবা

চার বছর অপেক্ষার পর এসেছিল প্রথম সন্তান, হামের উপসর্গ নিয়ে মৃত্যু

ভুয়া চাহিদাপত্রে তেল নিতে যাওয়া ফায়ার সার্ভিসের ৫ কর্মী প্রত্যাহার

অফিসের চাহিদা দেখিয়ে ৩০০ লিটার তেল নিতে গিয়ে ধরা ফায়ার সার্ভিসের ৪ কর্মী