ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। দ্বিপক্ষীয় সিরিজ যখন হয় না, তখন বড় মঞ্চে তাদের লড়াই দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা। যে মাঠেই খেলা হোক, স্টেডিয়াম থাকে হাউসফুল। রেকর্ড সংখ্যক টিকিট তো বিক্রি হয়ই। পাশাপাশি কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা খেলা দেখেন টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল ডিজিটাল ও সম্প্রচারক কোম্পানি জিওস্টার ঘোষণা করেছে, ভারত-পাকিস্তান ম্যাচ ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে ১৬ কোটি ৩০ লাখ। তাতে করে আইসিসি ইভেন্টের টি–টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি মানুষের ম্যাচ দেখার রেকর্ড হলো। এবারের ভারত-পাকিস্তান ম্যাচের দর্শকসংখ্যা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত–দক্ষিণ আফ্রিকা ফাইনালের দর্শকসংখ্যার চেয়েও বেশি।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। যদিও পরে ইউটার্ন করে আইসিসি’র পাকিস্তান। ম্যাচটাও হয়েছে একপেশে। কলম্বোর প্রেমাদাসায়
ভারতের কাছে ৬১ রানে হেরেছে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান।
টিভিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিভিআর ৭১ শতাংশ বেড়েছে। যা ২০২১ সালের পর টি-টোয়েন্টিতে দুই দলের ম্যাচের হিসাবে সর্বোচ্চ।
তুলনামূলক কম শক্তিশালী দলগুলোর দারুণ পারফরম্যান্সের ফলে গ্রুপ পর্ব শেষ হতেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিজিটাল প্ল্যাটফর্মের সম্মিলিত দর্শক সংখ্যা গত আসরের পুরো টুর্নামেন্টের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। জিওস্টারের স্পোর্টস সেলস হেড অনুপ গোবিন্দন বলেন, '২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রেক্ষাপট এবং মূল ম্যাচ সব মিলিয়ে মহোৎসবে রূপ নিয়েছিল। এই রেকর্ড ভাঙা দর্শক সংখ্যা এবং ব্যবহারকারীর হার এটাই ফুটিয়ে তোলে যে সমর্থকরা সব ধরনের প্ল্যাটফর্মে এই টুর্নামেন্টের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছেন।'