কুমিল্লা জেলায় গত তিন মাসে ৩৭ ধর্ষণসহ ৮৫টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময়ে জেলায় ২০টি খুনসহ মোট অপরাধের ঘটনা ঘটেছে ১ হাজার ৩০৯ টি। আজ রোববার জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এ তথ্য জানা যায়।
নারী ও শিশু নির্যাতন বিষয়ে সামাজিক অবক্ষয়, অসচেতনতা ও করোনা পরবর্তী বেকারত্ব অর্থনৈতিক সমস্যার কারণে এ ঘটনা ঘটছে বলে জানায় নারী ও শিশু বিষয়ক কার্যালয়। তবে জেলা নারী সংগঠনের দাবি, গ্রামীণ অঞ্চলের অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীরা মামলা না করার কারণে অপরাধীরা পার পেয়ে যায়।
এদিকে জেলা প্রশাসনের তথ্যে জানা গেছে, ১০ ডিসেম্বর পর্যন্ত গেল এক মাসে জেলায় ধর্ষণের অভিযোগে ছয়টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ১৫ টি, অপহরণের ঘটনায় একটি, ডাকাতির ঘটনায় একটি, হত্যার ঘটনায় ছয়টি, চোরাচালানে ১৮, চুরি ২১ টিসহ ২৭২টি অপরাধের ঘটনায় মামলা হয়েছে।
এর আগের মাসে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে ১৩, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ১৫, হত্যার ঘটনায় ছয়, অপহরণের ঘটনায় এক, ডাকাতির ঘটনায় মামলা দুটি, ১১টি চোরাচালান, ২৭টি চুরিসহ ৪০৮টি অপরাধের ঘটনায় মামলা হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে ৩১ টি।
এদিকে গতকাল রোববার জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় এসব অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন-২ কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন, জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও চৌদ্দগ্রাম উপজেলা ভাইস-চেয়ারম্যান রাশেদা আখতার বলেন, ‘তিন মাসে শুধু মামলার হিসেব করা হয়েছে। এর বাইরে শত শত নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। মানুষ আদালত পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে আশঙ্কা হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। অপরাধ কমাতে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে। প্রশাসনিক জটিলতা ও মামলা দীর্ঘতা কমাতে হবে।’
বিষয়ে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির ঘটনা প্রসঙ্গে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাম্মদ কানিজ তাজিয়া বলেন, ‘করোনাকালীন বেকারত্ব বেড়ে যাওয়া, অভাব অনটন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সব মিলিয়ে পারিবারিক কলহ বেড়েছে। ফলে নারী নির্যাতনের ঘটনাও বাড়ছে। এ বিষয়ে আমরা প্রতিটি উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লায় সচেতনতামূলক সভা, উঠান বৈঠক করছি। এ ব্যাপারে সবাইকে আরও সহনশীল ও সচেতন হতে হবে। আমরা আপনাদের সব চেষ্টা করছি।’
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন কমাতে হলে জনসচেতনতার বিকল্প নেই। সরকারি দপ্তরের পাশাপাশি মসজিদের ইমাম, জনপ্রতিনিধিসহ যার যার অবস্থান থেকে এ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।