নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছে।
পরিবারের অভিযোগ, গতকাল শনিবার সন্ধ্যায় অসুস্থ ছোট বোনকে হাসপাতালে নেওয়ার পথে সপরিবারে হামলার শিকার হয় কলেজছাত্র সাদিকুল ইসলাম রিয়ন (১৭)। উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাদিকুল ইসলাম উপজেলার উত্তর ব্রাহ্মণখালী এলাকার জহিরুল ইসলাম কচির ছেলে। সে কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
হামলায় রিয়নের বাবা জহিরুল ইসলাম কচি, মা জোসনা বেগম, ছয় মাস বয়সের ছোট বোন নুসরাত ও চাচা শাহিদুল ইসলাম আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে তাদের ডা. সিরাজুল ইসলাম চৌধুরী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতের চাচা সানোয়ার ইসলাম জানান, শনিবার বিকালে রিয়নের অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে তারা সবাই ভুলতা হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় গিয়াসউদ্দিনের নেতৃত্বে ২০/২৫ জন তাদের উপর রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা তাদের এলোপাতারি কুপিয়ে আহত করে।
আর্ত-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদেরকে প্রথমে রাজধানীর মগবাজারের ডা. সিরাজুল ইসলাম চৌধুরী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়ন।
গিয়াসউদ্দিনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে বলে জানান সানোয়ার ইসলাম।
এ ঘটনায় রিয়নের চাচা সানোয়ার ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।