সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাই পে-স্কেল দেওয়া হলেও দুর্নীতি কমেনি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব আনোয়ার হোসেন হাওলাদার। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ধারণা ছিল সরকারি কর্মচারীরা অর্থকষ্টে থাকলে দুর্নীতি করবে। সেই ধারণা থেকেই তিনি ২০১৫ সালে সরকারি কর্মকর্তাদের হাই পে-স্কেল প্রদান করেন। তারপরও দেশ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি।
রাজশাহী বিভাগের বিভাগীয় পর্যাযের সব কর্মকর্তা ও রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ শনিবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দুদক সচিব বলেন, সামান্য ৫০ হাজার টাকার একটি দুর্নীতির মামলার জন্য ২০-৩০ লাখ টাকার মামলায় লড়তে হয়। করোনাকালে বিভিন্ন ত্রাণ-সামগ্রী নিয়ে কত রকমের দুর্নীতি হয়েছে তা কল্পনা করা যায় না। ১৭ কোটি মানুষের জন্য ২৫০-৩০০ লোক কাজ করে দুর্নীতি কমানো যাবে না। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্র, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদসহ রাজশাহী বিভাগীয় পর্যায়ের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।