হোম > অপরাধ

৫ লাখ টাকা ঘুষ দাবি করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুদকের অভিযানে গ্রেপ্তার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান। ছবি: সংগৃহীত

বৈধ বিল আটকে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান। সেই ঘুষের এক লাখ টাকা নিতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে ধরা পড়েছেন তিনি। আজ সোমবার আমতলী পৌরসভায় অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করেন দুদকের কর্মকর্তারা।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় একটি সড়ক নির্মাণকাজের ঠিকাদার শেখ নোমান রেজার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন উপসহকারী প্রকৌশলী রুবেল খান। ওই কাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদারের বৈধ বিল আটকে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তিনি ঘুষ দাবি করেন।

দুদক জানায়, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়া এবং বৈধ বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকি দেন ওই কর্মকর্তা। এভাবে ঠিকাদারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল। একপর্যায়ে ঘুষ গ্রহণের সময় তাঁকে হাতেনাতে ধরতে দুদকের কাছে ফাঁদ অভিযানের আবেদন করেন ঠিকাদার শেখ নোমান রেজা।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে সোমবার আমতলী পৌরসভায় ফাঁদ অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর একটি দল। অভিযানে ঘুষের এক লাখ টাকা গ্রহণের সময় উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে মামলা করা হয়েছে। গ্রেপ্তার রুবেল খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।