হোম > অপরাধ

ওসমানীনগরে মক ভোটে সম্মানীর টাকা আত্মসাৎ

সিলেট সংবাদদাতা

ওসমানীনগরে কয়েকজন রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মক (অনুশীলনমূলক) ভোটে অংশ নেওয়ার সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দুই শতাধিক সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ দেন। গত ৩১ জানুয়ারি এই উপজেলার ইউপিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অভিযোগপত্রে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত ২৯ জানুয়ারি সব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার মক ভোটে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু কতিপয় প্রিসাইডিং কর্মকর্তা নামমাত্র কয়েকজন ছাড়া বাকিদের মক ভোটে অংশ নিতে নিষেধ করেন। এসব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার নামে বরাদ্দ করা সম্মানীর কয়েক লাখ টাকা তাঁরা আত্মসাৎ করেন।

জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি শেখানোর জন্য প্রতিটি কেন্দ্রেই মক (অনুশীলনমূলক ভোট) নেওয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। মক ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গত ২৯ জানুয়ারি মক ভোট অনুষ্ঠিত হয়। ওই মক ভোট অনুষ্ঠানে সব প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ওসমানীনগরে নির্বাচন কমিশনের নির্দেশনা মানেননি কিছু কর্মকর্তা।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘মক ভোটের আগের দিন আমি প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাকে ডিউটিতে যেতে বারণ করেন।’

একই অভিযোগ করেন খাদিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক পোলিং কর্মকর্তা কামাল মিয়া বলেন, ‘আমাকেও মক ভোটের ডিউটিতে যেতে নিষেধ করেন তাজপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ করিম।’

জানতে চাইলে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল মন্তব্য করতে রাজি হননি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

কিশোর গ্যাং: ছোটরা অপরাধে, পেছনে বড়রা

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায়

ওরিয়নের গ্রুপের চেয়ারম্যানের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

ফিশিং লিংকে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ৯ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

জুয়ায় দিনে ৩০ নতুন সাইট

৬ মাসে ১৭৭৮ হত্যা, বড় কারণ ব্যক্তিগত বিরোধ

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে