হোম > অপরাধ

ওরিয়নের গ্রুপের চেয়ারম্যানের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গতকাল রোববার ওবায়দুল করিমের এক আবেদনের শুনানি শেষে আদালত তাঁকে তিন মাসের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি দেন। এরপরই ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুদক।

আকতারুল ইসলাম বলেন, নিম্ন আদালতের আদেশের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে এবং আদেশটি স্থগিতের জন্য দ্রুত উচ্চ আদালতে রিভিশন পিটিশন দায়ের করবে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, ওবায়দুল করিমের বিরুদ্ধে দুদকের একাধিক অনুসন্ধান চলছে ও মামলা রয়েছে। অভিযোগের মধ্যে অবৈধ সম্পদ অর্জন, অর্থের অনিয়ম এবং আর্থিক লেনদেনে অসংগতির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ অবস্থায় তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আদেশকে গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলমান আইনি কার্যক্রমের মধ্যে আসামি বা অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনের সুযোগ তৈরি হলে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে। এ কারণেই নিম্ন আদালতের আদেশটি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এখন উচ্চ আদালতে দুদকের রিভিশন আবেদনের ওপর শুনানি হলে ওবায়দুল করিমের বিদেশযাত্রার অনুমতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।