হোম > অর্থনীতি > শেয়ারবাজার

নির্বাচনের পর পুঁজিবাজারে রেকর্ড লেনদেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তার পর দেশের পুঁজিবাজারে স্বস্তির ঢেউ বইছে। গত বৃহস্পতিবার নির্বাচন শেষ হওয়ার পর সরকার গঠনের সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হওয়ায় বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরেছেন। সেই প্রভাব দেখা গেছে ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারে। নির্বাচনের পর প্রথম কার্যদিবস রোববার—সূচক ও লেনদেন উভয়ই রেকর্ড মাত্রায় বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনে সূচক ২০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক বেড়ে ১ হাজার ১২৭ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ২ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬৪টির দাম বেড়েছে, ২৬টির কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত থেকেছে। পাশাপাশি লেনদেনের পরিমাণ ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার বেশি, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৪৮ শতাংশ বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এতে দিন শেষে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২১ হাজার ২৮২ কোটি টাকায়, যা আগের কার্যদিবসের লেনদেন শেষে ছিল ৭ লাখ ৮ হাজার ৯৭৭ টাকা। অর্থাৎ বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ৩০৫ কোটি টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) উল্লম্ফন দেখা গেছে। এদিন সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৮৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৫৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ১৯.১৯ পয়েন্ট বেড়ে ৯৩৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৯৬.৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২২টি কোম্পানির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত আছে ৮টির।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, শান্তিপূর্ণ নির্বাচন এবং নতুন সরকারের দ্রুত নীতিগত নির্দেশনার আশায় বিনিয়োগকারীরা পুনরায় শেয়ার কেনার দিকে ঝুঁকেছেন। নির্বাচনের আগে টানা কয়েক মাস অনিশ্চয়তা, তারল্যসংকট ও আস্থাহীনতার কারণে বাজার স্থবির ছিল।

এ বিষয়ে জানতে চাইলে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেডের সিইও কাউসার আল মামুন বলেন, দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটার পর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে। যাঁরা আগে বিনিয়োগ করতে ভয় পাচ্ছিলেন, তাঁরা এখন পুনরায় বাজারে ফিরে এসেছেন।

বিশ্লেষকেরা মনে করছেন, এই ইতিবাচক ধারা সামনের দিনগুলোতেও বজায় থাকবে। বিনিয়োগকারীদের পুনরাগমন, সূচক ও লেনদেনে রেকর্ড বৃদ্ধি এবং বাজার মূলধনের উল্লেখযোগ্য উত্থান—সবকিছু মিলিয়ে নির্বাচনের পর পুঁজিবাজারের লেনদেনের প্রথম দিন আশাব্যঞ্জক বার্তা দিচ্ছে।

পুঁজিবাজার: আবুল খায়ের হিরুর বার্তার পর বড় উত্থান

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম