বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকালে ট্রাস্টি বোর্ডের সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের উপস্থিতিতে রঙিন বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
এরপর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক ড. অনিন্দিতা পাল, কর্মকর্তাদের পক্ষে রোজিনা পারভিন, অ্যালামনাইদের পক্ষে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক বক্তব্য দেন।
অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের পক্ষে বক্তব্য দেন বোর্ডের সদস্য মুনিজে মঞ্জুর। সাবেক উপাচার্যদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
স্মৃতিচারণ পর্বে বক্তারা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ইতিহাস তুলে ধরেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের তিন দশকের শিক্ষা, গবেষণা ও বিভিন্ন অর্জনের কথা স্মরণ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী করতে ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাইদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।