‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন কেব্লসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক ডিলার, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।
গতকাল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গলের পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সুলতানে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম শুচি।
সম্মেলনে বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন কৌশল এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে পরিবেশকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ওয়ালটন কেব্লসের বাজার অংশীদারিত্ব আরও শক্তিশালী করে বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, পরিবেশকরাই ওয়ালটন কেব্লসের সবচেয়ে বড় শক্তি। তাঁদের প্রচেষ্টায় আন্তর্জাতিকমানের নিরাপদ কেব্লস দেশের গ্রাহকদের কাছে পৌঁছানোর পাশাপাশি ওয়ালটনের বাজার সম্প্রসারণও অব্যাহত রয়েছে।
মাহবুবুল আলম বলেন, নিরাপদ আবাসন ও স্থাপনা নিশ্চিত করতে মানসম্মত কেব্লস ও ইলেকট্রিক সল্যুশনস পণ্যের গুরুত্ব অপরিসীম। সে কারণেই ওয়ালটন আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপদ কেব্লস উৎপাদন ও বাজারজাত করছে।
ওয়ালটনের পরিচালক নিশাত তাসনিম শুচি বলেন, পরিবেশকদের অক্লান্ত পরিশ্রমের ফলে ওয়ালটন কেব্লস এখন দেশের বাজারের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইয়েমেন, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তিনি আঞ্চলিক পর্যায়ে ব্র্যান্ডিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও মো. ইউসুফ আলী, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন কেব্লসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
সম্মেলনে চলতি বছরে বিক্রয়ে উল্লেখযোগ্য অবদান রাখায় অর্ধশতাধিক পরিবেশককে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এছাড়া র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।