কূটনৈতিক আলোচনা, নীতিনির্ধারণী বিতর্ক ও বৈশ্বিক সহযোগিতার বার্তা নিয়ে শেষ হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) তিন দিনব্যাপী ‘বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমুন) ২০২৬’-এর চতুর্থ আসর। গত বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার বিইউএফটির স্থায়ী ক্যাম্পাসে এ সম্মেলন শেষ হয়। এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (বিইউএফটিমুনা)।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বিভক্তি ও ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের যুগে সার্বভৌমত্ব, সংহতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পুনর্গঠন’। এতে বিভিন্ন কমিটির প্রতিনিধিরা আন্তর্জাতিক নানা ইস্যুতে কূটনৈতিক আলোচনা, দর-কষাকষি ও নীতিনির্ধারণী বিতর্কে অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোটেল আমিরস অ্যান্ড রেসিডেন্স ও তোসি নিট ফেব্রিকস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।
এবারের সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), ন্যাটো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি), বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), জাতিসংঘের নারীর মর্যাদাবিষয়ক কমিশন (ইউএনসিএসডব্লিউ), জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও), হরমুজ নেগোসিয়েশন ফোরাম, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল প্রেস কর্পসসহ মোট ১০টি কমিটি অংশ নেয়। এসব কমিটিতে প্রতিনিধিরা আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার ও সমসাময়িক বৈশ্বিক সংকট নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশগ্রহণকারীরা নিজ নিজ সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতা তুলে ধরেন।
গত শনিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাফিজুর রহমান শারদার। পরে অতিথি, প্রতিনিধি ও আয়োজকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ডিপ্লোম্যাটস ডিনার’।
আয়োজকদের মতে, এ সম্মেলন শিক্ষার্থীদের নেতৃত্ব, বিশ্লেষণী চিন্তা, আলোচনা ও যোগাযোগের দক্ষতা বিকাশের একটি কার্যকর ক্ষেত্র তৈরি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সচেতনতা, বৈশ্বিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা এবং গঠনমূলক সংলাপের চর্চায় তরুণদের উৎসাহিত করেছে।
ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা এবং বৈশ্বিক বিষয়ে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যয়ে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।