হোম > অর্থনীতি > করপোরেট

সবুজ শিল্প ও আইসিটি খাতে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের চুক্তি

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় দেশে গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে অর্থায়ন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে পরিবেশবান্ধব শিল্প স্থাপন ও সম্প্রসারণ এবং আইসিটি খাতের বিভিন্ন উদ্যোগে অর্থায়নের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংশ্লিষ্টদের মতে, পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় বিনিয়োগ বাড়লে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে। একই সঙ্গে উৎপাদন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর ক্ষেত্রেও এ ধরনের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।