হোম > অর্থনীতি > করপোরেট

এমসিজে ক্লাবের প্রথম বৈঠক অনুষ্ঠিত, শুরু হলো আনুষ্ঠানিক কার্যক্রম

বিজ্ঞপ্তি

রাজধানীর একটি রেস্তোরাঁয় এমসিজে ক্লাবের বৈঠক অনুষ্ঠিত। ছবি: এমসিজে ক্লাবের সৌজন্যে

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ক্লাবটির নিবন্ধনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন। এতে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান।

১৩ সদস্যের পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া ও শাহেদ আলম।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে ক্লাবের সদস্য হতে পারবেন। ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে শিগগিরই সাধারণ সদস্যপদ দেওয়া হবে।

সম্প্রতি অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) নিবন্ধন সম্পন্ন করেছে এমসিজে ক্লাব লিমিটেড। এর মাধ্যমে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে ক্লাবটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বৈঠকে পরিচালকদের দায়িত্ব বণ্টন, সাধারণ সদস্যপদ প্রদান ও সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দের নীতিমালা চূড়ান্ত করা হয়। পাশাপাশি ক্লাবের কার্যক্রম পরিচালনায় কয়েকটি গুরুত্বপূর্ণ সাবকমিটি গঠন করা হয়।

ক্লাবের পরিচালকরা জানান, ভবিষ্যতে সদস্যদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক নেটওয়ার্কিং বৃদ্ধির পাশাপাশি করপোরেট ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সদস্য ও তাঁদের পরিবারের বিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।