জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’ (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম ও মো. নূরুল হুদাসহ মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকেরাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. মজিবর রহমান বর্তমান বাস্তবতার নিরিখে সুনির্দিষ্ট কর্মকৌশল প্রণয়নের তাগিদ দেন। তিনি স্বল্প সুদের আমানত সংগ্রহ ত্বরান্বিত করার পাশাপাশি অটো চালান, বাংলা কিউআর কোডের ব্যবহার ও সিএমএসএমই খাতে অর্থায়ন বৃদ্ধির জন্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ব্যাংকের আর্থিক ভারসাম্য বজায় রাখতে শ্রেণিকৃত ঋণ আদায় কার্যক্রম আরও জোরালো করার নির্দেশ দেন তিনি।
ঋণ ঝুঁকি কমাতে এবং অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারে কঠোর হওয়ার ওপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। ব্যাংকের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।