হোম > অর্থনীতি > করপোরেট

নগদ অ্যাপে পিন ছাড়াই লগইন, যুক্ত হলো বায়োমেট্রিক সুবিধা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: নগদ_পিআর_ক্রিয়েটিভ

গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ করতে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ তাদের অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করেছে। নতুন এই ফিচারের মাধ্যমে এখন থেকে পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন গ্রাহকেরা।

নতুন সুবিধায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। মোবাইল ফোনের সক্ষমতা অনুযায়ী গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস ডেটা নিজস্ব ডিভাইসেই সংরক্ষিত থাকবে। নগদ এসব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না। ফলে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বজায় থাকবে।

নগদ রেগুলার ও নগদ ইসলামিক—উভয় ধরনের অ্যাকাউন্টে এ সুবিধা ব্যবহার করা যাবে। এটি চালু করতে প্রথমে নগদ অ্যাপে পিন দিয়ে লগইন করতে হবে। এরপর ‘মাই নগদ’ অপশন থেকে ‘বায়োমেট্রিক লগইন’ নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করতে হবে। একবার পিন দিয়ে যাচাই সম্পন্ন হলেই সুবিধাটি চালু হয়ে যাবে।

এ বিষয়ে নগদের চিফ ইনফরমেশন অফিসার শাহরিয়ার ইবনে জামান বলেন, গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতেই অ্যাপে এ সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিবার পিন দেওয়ার ঝামেলা ছাড়াই গ্রাহকেরা সহজে অ্যাপে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি বাড়তি নিরাপত্তাব্যবস্থার কারণে গ্রাহকদের তথ্য ও অর্থের সুরক্ষাও বাড়বে।

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে নগদ অ্যাপে আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হবে। এর মাধ্যমে নগদকে দেশের জনপ্রিয় আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নগদ জানিয়েছে, কোনো কারণে বায়োমেট্রিক যাচাই কাজ না করলে কিংবা টানা পাঁচবার ভুল বায়োমেট্রিক দেওয়ায় সুবিধাটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে গ্রাহকেরা আগের মতো পিন ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় বায়োমেট্রিক লগইন সুবিধা চালু বা বন্ধ করা যাবে।

এর আগে গত মাসে নতুন নকশা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে অ্যাপের নতুন সংস্করণ চালু করে নগদ। প্রতিষ্ঠানটির দাবি, নতুন অ্যাপটি গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে। চালুর কয়েক দিনের মধ্যেই এটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে সর্বোচ্চ ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় জায়গা করে নেয়।