‘দ্য ফাস্ট মোড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনটি পুরস্কার অর্জন করেছে দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক। এর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো ‘সিইও অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে। এ ছাড়া ‘সিএক্স চ্যাম্পিয়ন’ ও ‘ব্র্যান্ড আইকন অ্যাওয়ার্ড ফর পারফরম্যান্স’ বিভাগেও পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
মালয়েশিয়াভিত্তিক টেলিযোগাযোগবিষয়ক গণমাধ্যম ও গবেষণা প্ল্যাটফর্ম ‘দ্য ফাস্ট মোড’ এ পুরস্কার দিয়ে থাকে। টেলিযোগাযোগ, স্যাটেলাইট ও ডেটা সেন্টার খাতে উদ্ভাবন, নেতৃত্ব এবং শিল্পের অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনে ১১টি বিভাগে ৫০০টির বেশি প্রতিষ্ঠান মনোনয়ন জমা দেয়। সব মিলিয়ে দেওয়া হয় ৮০টির বেশি পুরস্কার।
‘টেলকো-গ্লোবাল’ বিভাগে ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন ইওহান বুসে। ডিজিটাল রূপান্তর ও সংযোগসেবায় পরিবর্তন আনতে তাঁর দূরদর্শী নেতৃত্ব, প্রভাব ও উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।
ইওহান বুসের নেতৃত্বে প্রচলিত টেলিযোগাযোগ সেবার গণ্ডি পেরিয়ে বিনোদন, লাইফস্টাইল ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে ব্যবসার পরিসর বাড়িয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির এই কৌশলগত রূপান্তরে মূল দিকনির্দেশনা দিচ্ছে মূল প্রতিষ্ঠান ভিওনের ‘ডিও ১৪৪০’ ভিশন। এর আওতায় গ্রাহকদের নানা চাহিদা পূরণে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলালিংক।
প্রতিষ্ঠানটির ডিজিটাল সেবার মধ্যে রয়েছে লাইভ খেলা, টিভি চ্যানেল ও বিনোদনমূলক অনুষ্ঠান দেখার প্ল্যাটফর্ম ‘টফি’; তরুণদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘রাইজ’; এবং দেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক অ্যাপ ‘মুক্ত’। মুক্ত অ্যাপের মাধ্যমে যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক বিশ্বের যেকোনো স্থান থেকে লগইন করে গান, গল্প, গেমিং, লাইভ খেলা, সংবাদ ও ধর্মীয় পডকাস্টসহ বিভিন্ন ধরনের কনটেন্ট উপভোগ করতে পারেন।
ডিজিটাল আর্থিক সেবার পরিসর বাড়াতে চালু করা হয়েছে ‘মুক্ত পে’। পাশাপাশি ডিজিটাল ব্যাংক ‘নোভা’ চালুর লক্ষ্যে স্কয়ার গ্রুপের সঙ্গে অংশীদারত্ব করেছে ভিওন।
এদিকে টানা দ্বিতীয় বছরের মতো ‘সিএক্স চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছে বাংলালিংক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গ্রাহকসেবার মানোন্নয়নের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের প্রথম জেনারেটিভ এআই-চালিত কথোপকথনভিত্তিক চ্যাটবট চালু করেছে তারা। এটি অভ্যন্তরীণ ও বাইরের গ্রাহকদের সেবা দিচ্ছে। এ ছাড়া গ্রাহকদের সমস্যা তৈরি হওয়ার আগেই তা শনাক্ত করতে এআই প্রযুক্তি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।
স্টারলিংকের সঙ্গে অংশীদারত্বে দক্ষিণ এশিয়ার প্রথম মোবাইল স্যাটেলাইট নেটওয়ার্ক চালুর উদ্যোগও এ স্বীকৃতির ক্ষেত্রে বিবেচনায় এসেছে। এর মাধ্যমে গভীর সমুদ্র ও প্রত্যন্ত অঞ্চলে থাকা গ্রাহকদেরও সংযোগসেবার আওতায় আনার কথা জানিয়েছে বাংলালিংক।
অন্যদিকে, ‘ব্র্যান্ড আইকন অ্যাওয়ার্ড ফর পারফরম্যান্স’ বিভাগে পাওয়া পুরস্কারটি গ্রাহককেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের রূপান্তরের স্বীকৃতি। ‘বাংলালিংক ফর ইউ’ প্রতিশ্রুতিকে সামনে রেখে গ্রাহকদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য ও সেবা তৈরি করছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে স্টারলিংক-চালিত স্যাটেলাইট-টু-মোবাইল সংযোগ, ভিও ওয়াইফাই সেবার বিস্তার, টেকভ্যানের মাধ্যমে সাশ্রয়ী স্মার্টফোনের সঙ্গে সংযোগসেবা এবং ডেলিভারি কর্মীদের জন্য বিশেষ টেলিকম প্যাক চালুর মতো উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, এ স্বীকৃতি সবার জন্য আরও সমৃদ্ধ জীবন গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। প্রযুক্তি ও উদ্ভাবন শুধু সংযোগসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি ও জীবনযাত্রার মান উন্নয়নেও এর ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন।
ইওহান বুসে আরও বলেন, নির্ভরযোগ্য সংযোগসেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে স্টারলিংকের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে ডিজিটাল লেনদেনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চালু করা হয়েছে মুক্ত পে। আরও সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল সক্ষমতাসম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। এ পুরস্কার বাংলালিংকের কর্মীদের উৎসর্গ করেন তিনি।
উদ্ভাবন ও গ্রাহকসেবার মানোন্নয়নের পাশাপাশি সংযোগসেবার পরিসর বাড়ানো এবং গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী নতুন ডিজিটাল সেবা চালুর মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে বাংলালিংক।