এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এনআরবি ব্যাংক পিএলসি কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে। এসিআই প্রপার্টিজের গ্রাহকদের জন্য বাসা কেনা ও দীর্ঘমেয়াদি আবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থায়ন আরও সহজ করার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।
আজ সোমবার ঢাকার এসিআই গ্লোবাল অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে এসিআই প্রপার্টিজ লিমিটেডের পক্ষে ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন এবং এনআরবি ব্যাংক পিএলসির পক্ষে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রিয়াজ খান স্বাক্ষর করেন।
এই অংশীদারত্বের মাধ্যমে সেরেনো লেভান্দের প্রোপার্টি সেবার সঙ্গে যুক্ত হবে এনআরবি ব্যাংকের বিশেষ অর্থায়ন সুবিধা।
চুক্তির আওতায় যোগ্য গ্রাহকেরা এনআরবি ব্যাংকের ‘মাই হোম লোন’ নিতে পারবেন ব্যাংকের প্রচলিত হোম লোনের সুদের হারের চেয়ে অন্তত ১ শতাংশ কম সুদে। পাশাপাশি ঋণ প্রক্রিয়াকরণ ফি শতভাগ মওকুফ থাকবে। প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সাত কার্যদিবসের মধ্যে ঋণের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ঋণ অনুমোদনের পর নিয়মিত কিস্তি শুরু করার আগে গ্রাহকেরা ছয় মাস সময় পাবেন। পাশাপাশি থাকবে নমনীয় কিস্তি পরিশোধের ব্যবস্থা।
দীর্ঘমেয়াদি আবাসন সেবা নেওয়া গ্রাহকেরাও এই অংশীদারত্বের আওতায় অর্থায়ন সুবিধা পাবেন। যোগ্য গ্রাহকেরা দীর্ঘমেয়াদি সার্ভিসড অ্যাপার্টমেন্ট বা ভাড়া বাসার অগ্রিম অর্থ, সিকিউরিটি ডিপোজিট এবং ফ্যাসিলিটি চার্জ পরিশোধে পার্সোনাল লোন নিতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই প্রপার্টিজের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন বলেন, ‘আমাদের লক্ষ্য গ্রাহকদের জন্য প্রোপার্টি খোঁজা ও নেওয়ার পুরো প্রক্রিয়াটি আরও সহজ করা। এনআরবি ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে বাসা কেনা কিংবা দীর্ঘমেয়াদি আবাসনের ক্ষেত্রে আমাদের গ্রাহকেরা প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা আরও সহজে পাবেন।’
এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তারেক রিয়াজ খান বলেন, ‘এসিআই প্রপার্টিজের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা প্রোপার্টি অর্থায়নের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে চাই। কম সুদের হার, দ্রুত ঋণ প্রক্রিয়া এবং নমনীয় পরিশোধ ব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা তাদের আবাসন সংক্রান্ত সিদ্ধান্ত আরও স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারবেন।’
সেরেনো লেভান্দের মাধ্যমে এসিআই প্রপার্টিজ আবাসিক ভাড়া, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, প্রোপার্টি ম্যানেজমেন্ট, প্রোপার্টি ক্রয়-বিক্রয়, করপোরেট হাউজিং এবং কমার্শিয়াল স্পেসসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। এনআরবি ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্বের ফলে গ্রাহকেরা এখন প্রোপার্টি খোঁজা থেকে প্রয়োজনীয় অর্থায়ন পর্যন্ত আরও সহজভাবে সেবা নিতে পারবেন।
অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের এসইভিপি অলি আহাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম ও ইফতেখারুল ইসলাম, এসিআইয়ের ডিরেক্টর (এনআরবি বিজনেস) জিয়াউল হক, হেড অব বিজনেস ট্রান্সফরমেশন আমির হামজা, হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট মেজবা উল গাফফার, হেড অব সেলস প্রোগ্রাম অ্যান্ড ডিমান্ড জেনারেশন নাহমিদা ইয়াসমিন পিংকি এবং হেড অব ডিজিটাল সেলস আহনাফ জাবিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।