ইলেকট্রনিকস পণ্য বিক্রি ও গ্রাহকসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। তাঁকে ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিকস) ২০২৬’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।
গত ২২ ও ২৩ নভেম্বর ঢাকার লে মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা ও কোটি কোটি ক্রেতার আস্থা এ অর্জনের মূল ভিত্তি। প্রতিষ্ঠানের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন। তাই এ স্বীকৃতি তাঁদেরও প্রাপ্য।
তিনি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ সম্মাননা ক্রেতাদের জন্য উন্নত পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আরও উৎসাহ জোগাবে।
এর আগে ২০২৫ সালে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার পান।
এ ছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর আয়োজিত আসরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রযুক্তি খাতে ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কার পান। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
২০২২ সালে পুরস্কারের প্রথম আসরে ওয়ালটনের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন।