আইএফআইসি ব্যাংক পিএলসি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমকে আরও সুসংহত এবং গ্রাহকসেবা উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন ও স্লোগান ঘোষণা করেছে। একই সঙ্গে গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুততর ও কার্যকর সেবা নিশ্চিত করতে পাঁচটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং সারা দেশে ইসলামিক ব্যাংকিং সেবা ডেস্কের উদ্বোধন করা হয়।
রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আজ সোমবার আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে লোগোটি উন্মোচন করেন এবং ‘শুদ্ধতা ও বরকতের সমন্বয়’ শীর্ষক স্লোগান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি শাখা ও উপশাখায় ব্যাংকিং সেবা ডেস্ক কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন।
এ সময় অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালকেরাসহ বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, আইএফআইসি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে স্লোগান, লোগো ও সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী ও চাহিদাভিত্তিক নতুন প্রোডাক্ট বাজারে আনা হবে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, ‘বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের চাহিদা ও প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। আইএফআইসি ব্যাংকের শক্তিশালী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তরুণেরাই হবে এ খাতের সম্প্রসারণের চালিকাশক্তি। আমাদের লক্ষ্য হলো সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তরুণদের দক্ষতা ও গ্রাহকবান্ধব সেবার মানকে আরও সুদৃঢ় করা।’
পরিশেষে, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জামাল উদ্দীনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।