• চলতি বছরের প্রথমার্ধে নেয় ১,০৪৮টি নতুন পদক্ষেপ।
• ২০২৫ সালে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল ১,২২৯টি।
• চলতি বছরের প্রথমার্ধে নেওয়া হয় বাণিজ্য সহজীকরণমূলক ৪৬৬টি পদক্ষেপ।
• ২০২৫ সালে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল ৩৯১টি।
বিশ্ববাণিজ্যে নতুন শুল্ক ও অন্যান্য বিধিনিষেধমূলক পদক্ষেপের বিস্তার দ্রুত বাড়ছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই বিভিন্ন দেশ বাণিজ্যে নতুন ১ হাজার ৪৮টি পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, ২০০৯ সাল থেকে চালু হওয়া এবং এখনো কার্যকর আমদানি বিধিনিষেধের আওতায় পড়েছে বিশ্বের মোট আমদানির ২১ দশমিক ৩ শতাংশ। রপ্তানির ক্ষেত্রেও বিধিনিষেধের আওতা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩ শতাংশে। উভয় ক্ষেত্রেই এ হার সর্বোচ্চ।
তবে বাণিজ্যে প্রতিবন্ধকতা বাড়ার পাশাপাশি বাণিজ্য সহজীকরণেও দেশগুলোর উদ্যোগ জোরদার হয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৪৬৬টি নতুন বাণিজ্য সহজীকরণমূলক পদক্ষেপ নিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য ও পর্যবেক্ষক দেশগুলো। পুরো ২০২৫ সালে এ ধরনের পদক্ষেপ ছিল ৩৯১টি।
গতকাল মঙ্গলবার প্রকাশিত ডব্লিউটিওর আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও বৈশ্বিক বাণিজ্যপ্রবাহ সচল রাখতে বাণিজ্য সহজীকরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে একই সঙ্গে শুল্ক ও অন্যান্য বিধিনিষেধের বিস্তার আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ডব্লিউটিওর সদস্য ও পর্যবেক্ষক দেশগুলো বাণিজ্য ও বাণিজ্যসংশ্লিষ্ট ১ হাজার ২২৯টি নতুন পদক্ষেপ নেয়। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসেই নেওয়া হয়েছে আরও ১ হাজার ৪৮টি পদক্ষেপ। অর্থাৎ, নতুন বাণিজ্যনীতিসংক্রান্ত পদক্ষেপ গ্রহণের মাসিক গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ প্রবণতা শুধু বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়; সদস্য দেশগুলোর বিস্তৃত অংশেই তা দেখা গেছে। ডব্লিউটিও ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতিবিদদের হালনাগাদ করা ট্রেড পলিসি অ্যাক্টিভিটি সূচকেও একই প্রবণতা উঠে এসেছে।
২০২৬ সালের প্রথমার্ধে নতুন আমদানি সহজীকরণমূলক পদক্ষেপের আওতায় এসেছে ১ লাখ ৩০ হাজার কোটি ডলারের পণ্য, যা বিশ্বের মোট আমদানির ৫ দশমিক ২ শতাংশ। একই সময়ে রপ্তানি সহজীকরণমূলক পদক্ষেপের আওতায় এসেছে ৫৭ হাজার কোটি ডলারের পণ্য, যা বিশ্বের মোট রপ্তানির ২ দশমিক ৩ শতাংশ। রপ্তানি সহজীকরণের আওতায় আসা বাণিজ্যের পরিমাণ ২০২৫ সালের তুলনায় পাঁচ গুণের বেশি।
ডব্লিউটিও বলছে, এ বৃদ্ধির বড় অংশের পেছনে রয়েছে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট বাণিজ্য বিঘ্ন মোকাবিলায় বিভিন্ন দেশের নেওয়া সাময়িক পদক্ষেপ। তবে বাণিজ্য সহজীকরণের পাশাপাশি বিধিনিষেধও বেড়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশগুলো ৩৩৩টি নতুন বিধিনিষেধমূলক ও অন্যান্য বাণিজ্য প্রতিবন্ধকতামূলক পদক্ষেপ নিয়েছে। ২০২৫ সালের পুরো সময়ে এ ধরনের পদক্ষেপ ছিল ৩০০টি। নতুন আমদানিসংক্রান্ত বিধিনিষেধের আওতায় এসেছে ২ লাখ কোটি ডলারের পণ্য, যা বিশ্বের মোট আমদানির ৮ শতাংশ। রপ্তানিসংক্রান্ত বিধিনিষেধের আওতায় পড়েছে ৭ হাজার ৯৪০ কোটি ডলারের পণ্য, যা বিশ্বের মোট রপ্তানির ৩ দশমিক ২ শতাংশ।
ডব্লিউটিওর হিসাবে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ২০০৯ সাল থেকে চালু হওয়া এবং এখনো কার্যকর আমদানিসংক্রান্ত বিধিনিষেধের আওতায় থাকা বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি ডলার। এটি বিশ্বের মোট আমদানির ২১ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে, রপ্তানিসংক্রান্ত বিধিনিষেধের আওতায় থাকা বাণিজ্যের পরিমাণ ১ লাখ ৫০ হাজার কোটি ডলার, যা বিশ্বের মোট রপ্তানির ৬ দশমিক ৩ শতাংশ। সংস্থাটির বাণিজ্য পর্যবেক্ষণ কার্যক্রম শুরুর পর থেকে উভয় ক্ষেত্রেই এ পরিমাণ সর্বোচ্চ।
ডব্লিউটিওর মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, আমদানি শুল্ক ও অন্যান্য বাণিজ্য প্রতিবন্ধকতামূলক পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যের উল্লেখযোগ্য অংশকে প্রভাবিত করছে। বিধিনিষেধের ক্রমপুঞ্জীভূত পরিমাণ বাড়ার পাশাপাশি বিশ্ববাণিজ্যে এর প্রভাবও বিস্তৃত হচ্ছে। তবে একই সময়ে সদস্য দেশগুলো বাণিজ্য সহজীকরণে প্রচেষ্টা জোরদার করেছে। সাম্প্রতিক সরবরাহ বিঘ্ন মোকাবিলা এবং সীমান্ত পেরিয়ে পণ্য চলাচল সচল রাখতে এসব উদ্যোগ ব্যবসায়ীদের সহায়তা করেছে।