• পরিবহন খরচসহ প্রতি কেজি ২-৫ ডলারে সরবরাহের প্রস্তাব।
• জানুয়ারির শুরুতে বাজারে খেজুর পৌঁছানোর লক্ষ্য।
রমজান সামনে রেখে বাংলাদেশের বাজারে কেজিপ্রতি ২ মার্কিন ডলারে খেজুর সরবরাহ করতে চায় আলজেরিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান। পরিবহন খরচসহ এ দামে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে তুলনামূলক কম দামে খেজুর আমদানির সুযোগ তৈরি হতে পারে। এ জন্য রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই আগামী জানুয়ারির প্রথম দিকে দেশের বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
গতকাল বৃহস্পতিবার আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে এমন প্রস্তাব দেন। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলজেরিয়া থেকে সরাসরি খেজুর আমদানি এবং দ্রুত সরবরাহ নিশ্চিতের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠক সূত্রে জানা যায়, আলজেরিয়ার একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ মানভেদে প্রতি কেজি ২ থেকে ৫ ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ সর্বনিম্ন ২ ডলার থেকে শুরু করে বিভিন্ন দামের খেজুর কেনার সুযোগ রয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয়ও প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব পাঠিয়েছে। বর্তমানে আলজেরিয়ায় খেজুরের ভরা মৌসুম চলছে। ফলে দেশটিতে পর্যাপ্ত মজুত থাকায় বাংলাদেশে রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যে শেষ করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব। এতে রমজানের বাজারে আগেভাগেই সরবরাহ নিশ্চিত করা যাবে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকে ভোক্তারা রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির প্রথম দিকেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো প্রয়োজন। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আলজেরিয়া থেকে সরাসরি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে শুধু খেজুর আমদানিতেই নয়, জ্বালানি ও অন্যান্য পণ্যের বাণিজ্যেও আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফর দুই দেশের সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন অথবা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত বৈঠকের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণও জানান তিনি।