হোম > অর্থনীতি

বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলোর মাধ্যমে ডলার বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো এখন একজন বিদেশগামী নাগরিককে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে। এর আগে এ সীমা ছিল ২ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন গ্রাহকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তাঁর ভ্রমণ কোটার পরিমাণ ও সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য মুদ্রার নোট ও মুদ্রা আকারে বিক্রি করা যাবে।

নতুন ব্যবস্থায় বিদেশগামী নাগরিকদের মানি চেঞ্জারের মাধ্যমে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে আরও বেশি সুবিধা ও নমনীয়তা তৈরি হবে।