জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
আজ বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৬টি এবং সংশোধিত ৪টি।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর একটি হলো ‘ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ’ প্রকল্প। অন্যটি হলো ‘১০টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা-সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘Capacity Development for Smart Maintenance Technology of Bridges under Roads and Highways Department in Bangladesh’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এগুলো হলো ‘ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা’ এবং ‘চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট শক্তিশালীকরণ’ প্রকল্প।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ’ প্রকল্প অনুমোদন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ’ প্রকল্পের তৃতীয় সংশোধনও অনুমোদন দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে অনুমোদনের তালিকায়। এগুলো হলো ‘জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং ‘ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের প্রথম সংশোধন।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় পরিকল্পনামন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করা ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৯টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাকসিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্পের প্রথম সংশোধন এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্প।
এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন, ঢাকার গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ, ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের চতুর্থ পর্যায় এবং জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহারসংক্রান্ত প্রকল্প রয়েছে।
কক্সবাজার ও বান্দরবান এবং নোয়াখালীর ভাসানচরে প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনও এই তালিকায় রয়েছে।
সভায় সাধারণ অর্থনীতি বিভাগ প্রকাশিত ‘Five Year Strategic Framework for Reform and Development’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।