হোম > অর্থনীতি

বাজার পরিস্থিতি: হিসাব মেলাতে হিমশিম নিম্ন ও মধ্যবিত্তের

মাহফুজুল ইসলাম, ঢাকা

মাসের শুরুতে বেতনের টাকা হাতে পেয়ে বাজারের তালিকাও করে ফেলেন রাজধানীর বাড্ডার বাসিন্দা রফিকুল ইসলাম। স্ত্রী, স্কুলপড়ুয়া মেয়ে ও বৃদ্ধা মাকে নিয়ে তাঁর চারজনের সংসার। বেতনের ৩০ হাজার টাকায় বাজারের তালিকা করেন অনেক হিসাব কষে। কোনটা রাখবেন, কোনটা কমাবেন, সেই হিসাব মেলানোটা এখন যেন তাঁর খুব কঠিন মনে হচ্ছে।

দুদিন আগে মেয়ের জন্য দুধ কিনতে গিয়েছিলেন বাড্ডা বাজারে। এক কেজি গুঁড়া দুধের দাম শুনে শেষ পর্যন্ত আধা কেজি নিয়েই বাসায় ফিরেছেন। হতাশ হয়ে খোলা আকাশের দিকে চেয়ে বলেন, ‘দুই মাস আগেও যেটা স্বাভাবিক খরচ ছিল, এখন সেটাই অপচয় মনে হয়।’

রাজধানীজুড়ে নিম্ন ও মধ্য আয়ের হাজারো পরিবারের হিসাবের খাতায় যেন একই রকম কাটাকাটির চিত্র। চাল, ডাল, ডিম, তেল, সবজি, মাছ, মাংস—অনেক কিছুর দাম যেন বেড়ে গেছে চট করে।

গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাব দেশেও পড়েছে। নতুন করে জ্বালানির দাম বাড়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে। তাঁর মতে, সরকারকে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাড়ানোর পাশাপাশি স্বল্প সময়ের জন্য আমদানি পণ্যের শুল্ক কমিয়ে বাজারে স্বস্তি ফেরানোর উদ্যোগ নিতে হবে।

রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, মালিবাগ, বনশ্রী ও বাড্ডার বাজার ঘুরে দেখা গেছে, ডিমের দাম ডজনে ১৫-২০ টাকা বেড়েছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়; দুই সপ্তাহ আগেও যা ছিল ১০০-১১০ টাকা।

বাজারে বেশির ভাগ সবজির দামও ৮০-১০০ টাকার মধ্যে। বেগুন ১২০ টাকা, পেঁপে ১০০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গা ৮০-৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কমেছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে।

সেগুনবাগিচা কাঁচাবাজারের বিক্রেতা আব্দুর রহিম বলেন, ট্রাকভাড়া বাড়ছে, আড়তে বেশি দামে কিনতে হচ্ছে। সেই প্রভাব বাজারে পড়ছে।

চালের বাজারেও স্বস্তি নেই। মাঝারি মানের চাল কেজিতে এক থেকে দুই টাকা বেড়ে ৬০-৬৮ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল ৫৫-৬০ টাকা। টিসিবির তথ্য বলছে, এক মাসে মোটা চালের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে সরকার সম্প্রতি সয়াবিন তেলের দামও বাড়িয়েছে। বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাজারে ছোট দোকানগুলোয় তেলের সরবরাহ কমে গেছে। বিক্রেতাদের অভিযোগ, লাভ কমে যাওয়ায় তাঁরা তেল বিক্রিতে আগ্রহ হারাচ্ছেন।

রাজধানীর মেরুল বাড্ডার ভাড়া বাসায় থাকেন শামীমা শাওন। স্বামী ইলেকট্রিশিয়ান, তিনি নিজে গৃহকর্মীর কাজ করেন। মাসে তাঁদের আয় ৩৫-৪০ হাজার টাকা। তিন সন্তান নিয়ে সংসার চালাতে গিয়ে প্রতিদিন নতুন হিসাব কষতে হয় তাঁদের।

শাওন বলেন, ‘সবার ছোট ছেলেটা গরুর মাংস খেতে চায়। কিন্তু কেজি ৮৫০ টাকা দিয়ে কেনার সামর্থ্য নেই, টাকা হলে ব্রয়লার মুরগি আনি। এখন সেটার দামও বাড়ছে। শেষে ভরসা তেলাপিয়া-পাঙাশ মাছ।’

মহাখালীর বাসিন্দা শ্যামল সরকারের পরিবার ছয় সদস্যের। মাসিক আয় ৩৫ হাজার টাকা। কয়েক মাস আগেও খাবারের জন্য মাসে ১৩ হাজার টাকা খরচ হতো। এখন সেই খরচ দাঁড়িয়েছে সাড়ে ১৫ হাজার টাকায়। বাড়তি খরচ সামলাতে গিয়ে প্রতি মাসেই ধার করতে হচ্ছে তাঁকে।

শ্যামল বলেন, ‘আগে দুধ খাওয়াতে না পারলেও ডিম দিতাম বাচ্চাদের। এখন ডিমের দামও বেড়ে গেছে। এলপিজি, চাল, তেল—সবকিছুর দাম বাড়ছে। সংসার চালাব কীভাবে?’

বিশ্লেষকেরা বলছেন, জ্বালানির দাম বাড়ার প্রভাব এখন পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ছে। উৎপাদন, পরিবহন ও সরবরাহ—সব ক্ষেত্রেই ব্যয় বাড়ছে। এর সবচেয়ে বড় ধাক্কা লাগছে নির্দিষ্ট আয়ের মানুষের জীবনে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরও বাড়বে। বিদ্যুৎ, এলপিজি, ভোজ্যতেল—সবকিছুর দাম বাড়ার প্রভাব সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে।

তাই আসন্ন বাজেটে নতুন করে ভ্যাটের চাপ না বাড়িয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিতে সরকারর প্রতি পরামর্শ দিয়েছেন নাজের হোসাইন।

সেরা সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানাল বিকাশ

১২ মে থেকে শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

জেট ফুয়েলের দাম কমল

দেশের বাজারে ফের বাড়ল সোনা-রুপার দাম

শ্রমবাজারে দক্ষতার ঘাটতি প্রকট

বিদেশি বিনিয়োগকারীরা হতাশ প্রশাসনের ধীরগতির কাজে

বিএবির নতুন ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ওবায়েদ উল্যা চৌধুরী ও আবুল বসার

২০২৬ সালের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ২২ শতাংশ নিট মুনাফা প্রবৃদ্ধি

মূল্যস্ফীতি আবারও ৯ শতাংশ ছাড়াল