হোম > অর্থনীতি

দেশে বর্তমানে খাদ্যঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদে খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশে বর্তমানে কোনো খাদ্যঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমানের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থ বছরে দেশে খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৪৩৪ দশমিক ৯৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে চাল ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন ও গম ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন। চলতি ২০২৬-২৭ অর্থ বছরে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫৩ দশমিক ৪৩ লাখ মেট্রিক টন।

আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এসব তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থ বছরে ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন উৎপাদনের বিপরীতে চালের চাহিদা ছিল ৪২৩ লাখ মেট্রিক টন। এ ছাড়া সরকার ও বেসরকারি পর্যায়ে ১২ দশমিক ৬৯ লাখ মেট্রিক টন আমদানি করায় চালের লভ্যতা দাঁড়ায় ৪৩৭ দশমিক ৩৩ লাখ মেট্রিক টন। ফলে দেশে চালের কোনো ঘাটতি নেই। এফএও ২০২৬-২৭ অর্থ বছরে বাংলাদেশে চালের চাহিদা প্রাক্কলন করেছে ৪২৬ লাখ মেট্রিক টন।

খাদ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থ বছরে গমের ব্যবহার ছিল ৮২ লাখ মেট্রিক টন। এ সময় ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন উৎপাদর ও ৭৩ দশমিক ৩৪ মেট্রিক টন আমদানি করা হয়। বর্তমানে নির্ধারিত নিরাপত্তা মজুত ১৪ লাখের বিপরীতে মজুতের পরিমাণ ২১ দশমিক ৪৭ লাখ মেট্রিক টন। দেশে এই মুহূর্তে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই।