হোম > অর্থনীতি

সঞ্চয়পত্র কী, কত বিনিয়োগে কত মুনাফা

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি।

বেশির ভাগ মানুষই সঞ্চয়ের চেষ্টা করেন। তবে সঞ্চিত টাকা কোথায় কীভাবে রাখা উচিত, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকে। এ ক্ষেত্রে বেশির ভাগ মানুষের কাছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সঞ্চয়পত্র পরিচিত। তবে সব সঞ্চয়পত্রেই সমান মুনাফা পাওয়া যায় না। আবার সবাই সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগও করতে পারেন না।

সঞ্চয়পত্র কী

প্রথমে জেনে নেওয়া যাক, সঞ্চয়পত্র কী? সঞ্চয়পত্র হলো সরকার পরিচালিত একটি নিরাপদ বিনিয়োগ ব্যবস্থা বা সঞ্চয় প্রকল্প। ডাকঘর, বাণিজ্যিক ব্যাংক এবং সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে এটি সাধারণ মানুষ কিনতে পারেন। বর্তমান নিয়মানুযায়ী বর্তমানে মূলত চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে- ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্যমতে, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র মিলিয়ে একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা বিনিয়োগের বিধান রয়েছে। যৌথ নামে এই তিন ধরনের সঞ্চয়পত্রে সম্মিলিত বিনিয়োগসীমা ১ কোটি টাকা। তবে পরিবার সঞ্চয়পত্র একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা কেনা যায়। যৌথ নামে কেনার সুযোগ নেই। পেনশনার সঞ্চয়পত্রে আনুতোষিক ও ভবিষ্য তহবিলের অর্থ মিলিয়ে একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা বিনিয়োগ করা যায়।

মুনাফা কত

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রয়েছে। তবে একেক সঞ্চয়পত্রের মুনাফা একেক রকম। আবার মেয়াদ পূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙলে মুনাফা এক রকম, মেয়াদপূর্তিতে মুনাফা অন্যরকম হয়। কত টাকার সঞ্চয়পত্র কিনছেন, তার ওপরও মুনাফার তারতম্য হয়। যেমন আপনি যদি সাড়ে ৭ লাখ টাকা বা তার কম ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তাহলে মেয়াদপূর্তিতে মুনাফা পাওয়া যাবে ১১ দশমিক ৮৩ শতাংশ হারে।

ধরা যাক, আপনার সব ধরনের সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ ৫ লাখ টাকা অতিক্রম করেনি। আপনি ১ লাখ টাকা বিনিয়োগ করলেন। সে ক্ষেত্রে পাঁচ বছর পর মেয়াদপূর্তিতে ৫ শতাংশ উৎসে কর কাটার পর মুনাফা পাবেন ৫৬ হাজার ১৯৩ টাকা। তবে আপনি যদি মেয়াদপূর্তির আগেই সঞ্চয়পত্রটি ভাঙেন, কিংবা ৫ বছরের কম মেয়াদে বিনিয়োগ করেন, তাহলে মুনাফা কিছু কম আসবে। সে ক্ষেত্রে এক বছর পর মুনাফার হার দাঁড়াবে ৯ দশমিক ৭৪ শতাংশ। ২ বছর পর মুনাফা পাবেন ১০ দশমিক ২১ শতাংশ হারে। ৩ বছর পর পাবেন ১০ দশমিক ৭২ শতাংশ হারে। আর ৪ বছর পর মুনাফার হার দাঁড়াবে ১১ দশমিক ২৬ শতাংশ।

এবার আসা যাক, সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের প্রশ্নে। এ ক্ষেত্রে মেয়াদপূর্তিতে মুনাফার হার দাঁড়াবে ১১ দশমিক ৮০ শতাংশ। ধরা যাক, আপনি ১০ লাখ টাকা বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেন। সে ক্ষেত্রে ৫ বছর পর মেয়াদপূর্তিতে উৎসে কর কাটার পর মুনাফা পাবেন ৫ লাখ ৩১ হাজার টাকা। এ ক্ষেত্রেও মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙলে, বা ৫ বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করলে মুনাফা কিছুটা কম আসবে। যেমন, ১ বছর পর মুনাফা পাবেন ৯ দশমিক ৭২ শতাংশ হারে। ২ বছর পর মুনাফার হার দাঁড়াবে ১০ দশমিক ১৯ শতাংশ। ৩ বছর পর মুনাফা পাবেন ১০ দশমিক ৭০ শতাংশ হারে। আর ৪ বছর পর মুনাফা পাবেন ১১ দশমিক ২৩ হারে।

এবার আসা যাক ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের বিষয়ে। এই সঞ্চয়পত্রের মেয়াদ তিন বছর। তিন মাস পরপর মুনাফা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। সাড়ে ৭ লাখ টাকা বা তার কম বিনিয়োগে মেয়াদপূর্তিতে এই সঞ্চয়পত্রে মুনাফা আসবে ১১ দশমিক ৮২ শতাংশ হারে। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা পাবেন ১১ দশমিক ৭৭ শতাংশ হারে। এটিও মেয়াদপূর্তির আগে ভাঙা যায়। আবার ৩ বছরের কম মেয়াদেও সঞ্চয়পত্রটিতে বিনিয়োগ করা যায়। সে ক্ষেত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার কম বিনিয়োগে ১ বছর পর মুনাফার হার দাঁড়াবে ১০ দশমিক ৬৫ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা পাবেন ১০ দশমিক ৬০ শতাংশ। ২ বছর পর সাড়ে ৭ লাখ টাকা বা তার কম বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে ১১ দশমিক ২২ শতাংশ হারে। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ১১ দশমিক ১৬ শতাংশ হারে।

পরিবার সঞ্চয়পত্রে ৫ বছর পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার কম বিনিয়োগে ৫ বছর পর মেয়াদপূর্তিতে মুনাফা পাওয়া যায় ১১ দশমিক ৯৩ শতাংশ হারে। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ। তবে মেয়াদপূর্তির আগে বা ৫ বছরের কম মেয়াদে বিনিয়োগ করলে মুনাফার হার কিছুটা কমবে। সে ক্ষেত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার কম বিনিয়োগে ১ বছর পর মুনাফার হার ৯ দশমিক ৮১ শতাংশ। ২ বছর পর মুনাফা পাবেন ১০ দশমিক ২৯ শতাংশ হারে। ৩ বছর পর মুনাফার হার দাঁড়াবে ১০ দশমিক ৮০ শতাংশ। আর ৪ বছর পর মুনাফা পাবেন ১১ দশমিক ৩৫ শতাংশ হারে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ১ বছর পর মুনাফার হার ৯ দশমিক ৭২ শতাংশ। ২ বছর পর মুনাফা পাবেন ১০ দশমিক ১৯ শতাংশ হারে। ৩ বছর পর মুনাফার হার দাঁড়াবে ১০ দশমিক ৭০ শতাংশ। আর ৪ বছর পর মুনাফা পাবেন ১১ দশমিক ২৩ শতাংশ হারে।

এবার আসা যাক পেনশনার সঞ্চয়পত্রে। এখানেও দুই ধরনের স্লট রয়েছে। সাড়ে ৭ লাখ টাকা বা তার কম পরিমাণে বিনিয়োগ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ। এই সঞ্চয়পত্রেরও সর্বোচ্চ মেয়াদ ৫ বছর। তবে ৫ বছরের আগে সঞ্চয়পত্রটি যেমন ভাঙা যায়, পাশাপাশি ৫ বছরের কম মেয়াদেও বিনিয়োগ করা যায়। সাড়ে ৭ লাখ টাকা বা তার কম বিনিয়োগ ৫ বছর পর মেয়াদপূর্তিতে এই সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যায় ১১ দশমিক ৯৮ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ। এই সঞ্চয়পত্রের ক্ষেত্রেও মেয়াদপূর্তির আগে বা ৫ বছরের কম মেয়াদে বিনিয়োগ করলে মুনাফার হার কিছুটা কমবে। সে ক্ষেত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার কম বিনিয়োগে ১ বছর পর মুনাফার হার ৯ দশমিক ৮৪ শতাংশ। ২ বছর পর মুনাফা পাবেন ১০ দশমিক ৩২ শতাংশ হারে। ৩ বছর পর মুনাফার হার দাঁড়াবে ১০ দশমিক ৮৪ শতাংশ। আর ৪ বছর পর মুনাফা পাবেন ১১ দশমিক ৩৯ শতাংশ হারে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ১ বছর পর মুনাফার হার ৯ দশমিক ৭২ শতাংশ। ২ বছর পর মুনাফা পাবেন ১০ দশমিক ১৯ শতাংশ হারে। ৩ বছর পর মুনাফার হার দাঁড়াবে ১০ দশমিক ৭০ শতাংশ। আর ৪ বছর পর মুনাফা পাবেন ১১ দশমিক ২৩ শতাংশ হারে।

এখানে একটি কথা মনে রাখা জরুরি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ ৫ লাখ টাকা অতিক্রম না করলে মুনাফার ওপর ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে। মোট বিনিয়োগ ৫ লাখ টাকা অতিক্রম করলে উৎসে কর ১০ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ ৫ লাখ টাকা অতিক্রম না করলে মুনাফার ওপর উৎসে কর শূন্য শতাংশ।

সঞ্চয়পত্র কারা কিনতে পারেন

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশের নাগরিকেরা কিনতে পারেন। তবে পরিবার ও পেনশনার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বিশেষ যোগ্যতা পূরণ করতে হয়। পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো নারী। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন নারী ও পুরুষ এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী নারী ও পুরুষেরা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন।

পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারেন অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী কিংবা সন্তান।

যেভাবে সঞ্চয়পত্র কিনবেন

শুরুতেই উল্লেখ করা হয়েছে, তফসিলি ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় ব্যুরো এবং ডাকঘর থেকে সাধারণ মানুষ সঞ্চয়পত্র কিনতে পারেন। তবে সঞ্চয়পত্রের জন্য সুনির্দিষ্ট ফরম পূরণের পাশাপাশি ক্রেতাকে কিছু কাগজপত্র জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সঞ্চয়পত্র কিনতে যেসব কাগজপত্র লাগবে-

  • ক্রেতা ও নমিনি প্রত্যেকের ২ কপি করে পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
  • ক্রেতা ও নমিনির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি। নমিনি নাবালক হলে জন্মনিবন্ধনের কপি।
  • ১ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে টিআইএন সনদ। প্রযোজ্য ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর প্রয়োজন হতে পারে।
  • ক্রেতার নামে পরিচালিত ব্যাংক হিসাবের বিবরণ, যে হিসাবে মুনাফা ও আসলের টাকা জমা হবে। ব্যাংক হিসাবের এমআইসিআর চেকের কপিও লাগবে।
  • পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আনুতোষিক মঞ্জুরির ফটোকপি, ভবিষ্য তহবিলের চূড়ান্ত মঞ্জুরির ফটোকপি বা নিয়োগকারী কর্তৃপক্ষের সনদ প্রয়োজন হবে।