হোম > অর্থনীতি

কারখানা ও গুদামগুলোতে পর্যাপ্ত ইউরিয়া সার মজুত রয়েছে: বিসিআইসি চেয়ারম্যান

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে পর্যাপ্ত ইউরিয়া সারের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশের চাহিদা করা ইউরিয়া সার গুদামে থাকা মজুত থেকেই পূরণ করা সম্ভব। পাশাপাশি স্থানীয় কারখানায় উৎপাদন ও বিদেশ থেকে আমদানি অব্যাহত থাকায় আসন্ন পিক সিজনেও সারের সংকট হবে না।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) নীলফামারী, লালমনিরহাটের মহেন্দ্রনগর ও কুড়িগ্রামে অবস্থিত বিসিআইসির সার গুদাম পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যান এসব কথা বলেন।

পরিদর্শনের সময় স্থানীয় জেলা প্রশাসনের প্রতিনিধি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের উপস্থিতিতে গুদামে মজুত থাকা সার খামাল-ভিত্তিক গণনা করা হয়। এতে মজুতের সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় বলে বিসিআইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

ড. মাহমুদুর রহমান বলেন, দেশের তিনটি স্থানীয় সার কারখানায় প্রতিদিন প্রায় ৫ হাজার টন ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে। একই সঙ্গে বিদেশ থেকে ইউরিয়া সার আমদানিও চলমান রয়েছে। ফলে আগামী পিক মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা সম্ভব হবে।

মাহমুদুর রহমান সারের মজুত নিয়ে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যে আতঙ্কিত না হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, সারের দাম বৃদ্ধি কিংবা অপপ্রচার চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

পরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতারা ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিসিআইসি চেয়ারম্যান।

সভায় মাহমুদুর রহমান বলেন, চাহিদা অনুযায়ী ডিলারদের বিসিআইসির কারখানা ও বাফার গুদাম থেকে যথাসময়ে সার সরবরাহ করা হচ্ছে। কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছে দিতে প্রতিটি কারখানা ও বাফার গুদামে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিআইসি জানায়, শুক্র ও শনিবারসহ সপ্তাহের সাত দিনই গুদাম থেকে সার বিতরণ কার্যক্রম চালু রাখা হয়েছে। কেন্দ্রীয়ভাবে এ কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

পরিদর্শন ও মতবিনিময়কালে বিসিআইসির পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মু. খায়রুজ্জামান এবং ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বিপণন) মো. মঞ্জুর রেজা উপস্থিত ছিলেন।