হোম > অর্থনীতি

চীনের পোশাক রপ্তানি কমায় যুক্তরাষ্ট্রে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বড় পরিবর্তন দেখা দিয়েছে। সেখানে চীনের রপ্তানি কমে যাওয়ায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির চাপ এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির পরিবর্তনে এই নতুন ভারসাম্য তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে যুক্তরাষ্ট্র মোট ১ হাজার ৭৭৩ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬০ শতাংশ কম। এই সময়ের মধ্যে বৈশ্বিক রপ্তানিপ্রবাহে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে।

অটেক্সার তথ্যে দেখা যায়, একই সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ২০৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। যদিও এটি আগের বছরের তুলনায় ৮ দশমিক ৩৮ শতাংশ কম, তবে চীনের রপ্তানি আরও বড় পতনের মুখে পড়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছে। চীন এই সময়ে মাত্র ১৭০ কোটি ডলারের পোশাক রপ্তানি করে, যা আগের বছরের ৩৬১ কোটি ডলারের তুলনায় ৫৩ শতাংশ কম। ফলে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উঠে আসে।

শীর্ষ অবস্থানে থাকা ভিয়েতনাম জানুয়ারি-মার্চ সময়ে ৩৯৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে এবং তাদের রপ্তানি ২ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানির ২২ শতাংশ ভিয়েতনামের দখলে। বাংলাদেশের অংশ সাড়ে ১১ শতাংশ।

একই সময়ে ইন্দোনেশিয়ার রপ্তানি ১২২ কোটি ডলার এবং ভারতের রপ্তানি ১১০ কোটি ডলার হয়েছে, যেখানে ভারতের রপ্তানি ২৭ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, পাল্টা শুল্ক নীতি বৈশ্বিক পোশাক বাজারে নতুন প্রতিযোগিতামূলক কাঠামো তৈরি করেছে। বাংলাদেশ শুরুতে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকলেও সেই প্রভাব স্থায়ী হয়নি। শুরুতে যুক্তরাষ্ট্রের শুল্কহার পরিবর্তনের কারণে বাংলাদেশি পণ্যের ওপর চাপ কিছুটা কমে ক্রয়াদেশ বেড়েছিল।

তবে পরে বৈশ্বিক মূল্যস্ফীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইরান যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থার চাপে যুক্তরাষ্ট্রের ভোক্তা চাহিদা কমে যায়। এতে নতুন ক্রয়াদেশে ধীরগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

চূড়ান্ত বাজেটে তামাকের করকাঠামো সংস্কারের দাবি

পিপলস ইনস্যুরেন্সের ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আমের মৌসুমে ৪ জেলায় শনিবারও খোলা থাকবে ব্যাংক

ওপেক ত্যাগের কথা ভাবছে ইরাক

তেলের দাম না কমিয়ে ‘গ্রাহক ঠকাচ্ছে’ এক্সন মবিল ও শেভরন, তদন্তের নির্দেশ ট্রাম্পের

দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৭৬৯৮ টাকা