হোম > অর্থনীতি

ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬-এ অতিথিরা। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং শরিয়াহসম্মত বিনিয়োগের উপকরণ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকগুলোর উদ্বৃত্ত অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি, তারল্য ব্যবস্থাপনায় নমনীয়তা আনা এবং ব্যবসা ও অবকাঠামো খাতে অর্থায়ন বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ। তিনি বলেন, বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। আন্তর্জাতিক ইসলামি অর্থায়নের বাজারের তুলনায় এটি বাংলাদেশের সীমিত উপস্থিতির চিত্র তুলে ধরে। অথচ সুকুকের মাধ্যমে শিল্প ও ব্যবসার বিকাশের পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা সম্ভব।

ডেপুটি গভর্নর বলেন, বিশ্ব অর্থনীতিতে বিভাজন বাড়ায় বিদেশি অর্থায়ন ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে কঠোর শর্ত। এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ অর্থায়নের উৎস শক্তিশালী করা জরুরি। অন্যদিকে শরিয়াহসম্মত আর্থিক উপকরণের ঘাটতি ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা ও বিনিয়োগ সক্ষমতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যু এ সীমাবদ্ধতা কাটাতে সহায়ক হবে।

ইসলামি ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে সংকটে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডেপুটি গভর্নর। তিনি বলেন, সুশাসনের ঘাটতি ও প্রাতিষ্ঠানিক অনিয়মের কারণে এ খাতে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সততা নিশ্চিত এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বৃহত্তর পুনর্গঠনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতের সংস্কারে নীতি, আইন ও কাঠামোগত পরিবর্তন অব্যাহত থাকবে। ইসলামি ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন প্রণয়নের কাজও করছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতে এ ক্ষেত্রে মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হচ্ছে।

মো. কবির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রমে বিধিবিধানের সামঞ্জস্য এবং শরিয়াহ নীতিমালার যথাযথ পরিপালন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকে পৃথক ইসলামি ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ এবং কেন্দ্রীয় শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করা হয়েছে। মুরাবাহা, বাই ও হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলকসহ (এইচপিএসএম) বিভিন্ন ইসলামি অর্থায়ন পদ্ধতির পরিচালনসংক্রান্ত নির্দেশিকা হালনাগাদ করা হচ্ছে। সংশোধন করা হচ্ছে অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা ও নিয়ন্ত্রণব্যবস্থার নির্দেশিকাও। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা চিহ্নিত করতে বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে।

মো. কবির আহমেদ আরও বলেন, ব্যাংকিং খাতের ঋণ কয়েকটি বড় করপোরেট গ্রুপের মধ্যে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। এ প্রবণতা থেকে বেরিয়ে ইসলামী ব্যাংকগুলোকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি এবং গ্রামীণ উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াতে হবে। বড় করপোরেট প্রতিষ্ঠানের বাইরে যেসব অঞ্চলের উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক ঋণসুবিধা থেকে বঞ্চিত, তাঁদের কাছেও ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে।