সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ গ্রহণ বাড়লেও কমছে প্রবৃদ্ধির গতি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ গ্রহণের প্রবৃদ্ধি ছিল ৫৭ শতাংশ। তবে সেপ্টেম্বর মাসে বিনিয়োগে বড় ধরনের পতনের কারণে প্রথম তিন মাসের প্রবৃদ্ধি নেমে এসেছে ২৮ শতাংশে। অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ এসেছে ২ হাজার ৪৮৯ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯৪৫ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে নিট ঋণ বেড়েছে ৫৪৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ গ্রহণ ছিল ২ হাজার ৪৬৩ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৭২ কোটি টাকা। অর্থাৎ দুই মাসে নিট ঋণ গ্রহণ বেড়েছিল প্রায় ৫৭ শতাংশ। কিন্তু সেপ্টেম্বরে এসে এ ধারায় বড় ছন্দপতন ঘটে। ওই মাসে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ এসেছে মাত্র ২৬ কোটি টাকা। আগের অর্থবছরের একই মাসে এর পরিমাণ ছিল ৩৭৩ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে নিট ঋণ কমেছে ৩৪৭ কোটি টাকা বা প্রায় ৯৩ শতাংশ।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাইয়ে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ ছিল ২ হাজার ৫৯ কোটি টাকা। আগের অর্থবছরের একই মাসে ছিল ১ হাজার ২৯৩ কোটি টাকা। ফলে জুলাইয়ে নিট বিনিয়োগ বেড়েছিল ৭৬৬ কোটি টাকা বা প্রায় ৫৯ শতাংশ। আগস্টে নিট বিনিয়োগ দাঁড়ায় ৪০৩ কোটি টাকা, যা আগের বছরের একই মাসের ২৭৮ কোটি টাকার তুলনায় ১২৫ কোটি টাকা বা প্রায় ৪৫ শতাংশ বেশি। তবে সেপ্টেম্বরে নিট বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় তিন মাসের সামগ্রিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে।
সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ বলতে নতুন সঞ্চয়পত্র বিক্রির অর্থ থেকে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের আসল ও মুনাফা পরিশোধের পর সরকারের হাতে থাকা উদ্বৃত্ত অর্থকে বোঝায়। এ অর্থ সরকার উন্নয়নসহ বিভিন্ন ব্যয়ে ব্যবহার করে। ফলে সঞ্চয়পত্র সরকারের অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস।
মূল্যস্ফীতির চাপ সামলে মানুষের হাতে যে সামান্য সঞ্চয় থাকছে, তা নিরাপদ রাখতে অনেকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন। ড. মোস্তফা কে. মুজেরী, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে. মুজেরী আজকের পত্রিকাকে বলেন, দেশের ব্যাংকিং খাত এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। ফলে আমানতকারীদের মধ্যে অনিশ্চয়তা ও আস্থার ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপ সামলে মানুষের হাতে যে সামান্য সঞ্চয় থাকছে, তা নিরাপদ রাখতে অনেকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন। তাঁর মতে, সঞ্চয়পত্রে মূলধন হারানোর ঝুঁকি নেই, প্রয়োজন হলে নগদায়ন করা যায় এবং মুনাফার হারও তুলনামূলক ভালো। এসব কারণে এ মাধ্যমে মানুষের আগ্রহ রয়েছে। তবে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে ভবিষ্যতে মুনাফা পরিশোধের দায়ও বাড়ে। এতে সরকারের সুদ ব্যয়ের ওপর চাপ তৈরি হয়। তাই এ উৎস থেকে ঋণ সংগ্রহের ক্ষেত্রে সরকারের জন্য ঋণের ব্যয় ও পরিশোধের সক্ষমতা বিবেচনায় রাখা জরুরি।
২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে তা কমিয়ে ১১ হাজার ৫০০ কোটি টাকা করা হয়। তবে অর্থবছর শেষে নতুন করে যত ঋণ নেওয়া হয়েছিল, তার চেয়ে ৪৩৬ কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। অর্থাৎ ওই অর্থবছরে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ গ্রহণের পরিবর্তে নিট ঋণ পরিশোধের পরিস্থিতি তৈরি হয়েছিল। এর ধারাবাহিকতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আরও কমিয়ে ৮ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংকব্যবস্থা থেকেও সরকার নিট ২৪ হাজার ২৪৫ কোটি টাকা ঋণ নিয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পরিবর্তে সরকার ৬ হাজার ৯২৬ কোটি টাকা পরিশোধ করেছিল।