ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস ব্যাংকগুলোকে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় ব্যাংকের কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র, এটিএম বুথ ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। একই সঙ্গে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস ও মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ নির্দেশনা জারি করে। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, পানি জমে থাকা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে। এ পরিস্থিতিতে মশার প্রজননক্ষেত্র ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের সব স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার ও প্লাস্টিকের বোতলের মতো যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেগুলো অপসারণ বা ধ্বংস করতে হবে। এ ছাড়া ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
শুধু ব্যাংকের কার্যালয় নয়, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক স্থাপনাগুলোতেও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কর্মস্থল ও আশপাশের এলাকায় নিয়মিত মশা নিধনের ওষুধ ছিটানো এবং স্প্রে বা কয়েল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রাম, শহর ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পৌরসভা ও সিটি করপোরেশনের মতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোগেও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।