দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পরিবেশ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মোট ১ লাখ ২৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে।
আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেজার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের জমি এবং বিদ্যমান অবকাঠামোকে পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে সচল করার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এতে করে আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন দুয়ার উন্মোচিত হবে।
বেজার গভর্নিং বোর্ডের ৯ নম্বর সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া নতুন বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স প্রদান ও মূল্যায়নে কঠোর গাইডলাইন অনুসরণ এবং নতুন নীতিমালা প্রণয়ন নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়ে বলেন, কেবল শিল্পায়ন নয়-পরিবেশ সুরক্ষার সঙ্গে সমন্বয় ঘটিয়ে প্রতিটি অর্থনৈতিক অঞ্চলকে আধুনিক, সবুজ ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।
এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বিডা-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।