হোম > অর্থনীতি

টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: দ্য ন্যাশনাল

দেশের বাজারে টানা নবম দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, এক বছরেরও বেশি সময় পর দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা আজ রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ এই সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭১৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি স্বর্ণের ভ্যাটসহ বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর আগের দিন শনিবার প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। অর্থাৎ একদিনেই ভরিতে দাম কমেছে ৬ হাজার ১৮২ টাকা।

নতুন নির্ধারিত স্বর্ণ ও রুপার দর

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে কার্যকর হওয়া ভ্যাটসহ স্বর্ণের নতুন দর হলো:

২২ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৬,৭১৫ টাকা (ভরিপ্রতি ১,৯৪, ৯৬৪ টাকা)।

২১ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৫,৯৬৫ টাকা (ভরিপ্রতি ১,৮৬, ২১৬ টাকা)।

১৮ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৩,৭১৫ টাকা (ভরিপ্রতি ১,৫৯, ৯৭২ টাকা)।

সনাতন পদ্ধতি: প্রতি গ্রাম ১১,১৭৫ টাকা (ভরিপ্রতি ১,৩০, ৩৪৫ টাকা)।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৬০ টাকা (ভরি ৩,০৩৩ টাকা), ২১ ক্যারেট প্রতি গ্রাম ২৫০ টাকা (ভরি ২,৯১৬ টাকা), ১৮ ক্যারেট প্রতি গ্রাম ২১৫ টাকা (ভরি ২,৫০৮ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপা ১৬৫ টাকা (ভরি ১,৯২৫ টাকা) নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া রোববার থেকে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে।

চলতি বছরে স্বর্ণের বাজারে বড় দরপতনের চিত্র

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালজুড়ে দেশের ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের অস্থিরতা এবং ধারাবাহিক পতন দেখা গেছে।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সে সময় বাজুস ঘোষিত ভরিপ্রতি দর ছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যার সঙ্গে ক্রেতাদের আলাদা ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। ভ্যাটসহ সে সময় ক্রেতাদের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হতো প্রায় ৩ লাখ ৩০০ টাকা।

সেই হিসাবে জানুয়ারির সর্বোচ্চ দরের তুলনায় বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণে দাম কমেছে প্রায় ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা (প্রায় ৩৫ শতাংশ)। এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর দেশে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ টাকা ছাড়িয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি নভেম্বরেই টানা ৯ দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে প্রায় ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে। ২০২৬ সালে এখন পর্যন্ত বাজুস মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে—যার মধ্যে ৭৬ বার দাম কমানো হয়েছে এবং ৬৫ বার বাড়ানো হয়েছে (একবার ভ্যাট সমন্বয়)।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। তবে এরপর থেকে তা কমতে শুরু করে এবং গত ২০ নভেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫১৯ ডলারে নেমে আসে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর চলতি বছরটিই বিশ্ববাজারে স্বর্ণের দামের ক্ষেত্রে সবচেয়ে বড় পতনের বছর হতে যাচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে যাঁরা বিনিয়োগ বা সঞ্চয়ের উদ্দেশ্যে চড়া দামে স্বর্ণ কিনেছিলেন, বর্তমান দরপতনের কারণে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে, দীর্ঘদিন ২ লাখ টাকার ওপরে থাকার পর দাম কমে আসায় সাধারণ ক্রেতা ও বিয়ের মৌসুমের ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।