সয়াবিন তেলের দাম প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী আরও বেশি হওয়ার কথা ছিল। আমদানিকারকদের জোর করে রাজি করিয়ে দাম আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানান তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
ভোজ্যতেলের দাম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ না। এখন সোর্সে যে প্রাইস থাকে সেটা যদি কমে, তাহলে আমাদের এখানে এটির ইমপ্যাক্ট হবে। উৎসে মূল্য বৃদ্ধি পেলে সেটার প্রভাব আমাদের এখানে পড়বে। যে ফর্মুলায় আমরা প্রাইসিং করি, সেই ফর্মুলা অনুযায়ী মূল্য আরও বেশি হওয়ার কথা। কিন্তু আমরা যেভাবেই হোক এ মূল্যেই আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রেখেছি। এক ধরনের জোর করেই তাদের রাজি করানো হয়েছে।’
তেলের দাম নির্ধারণের ফর্মুলা সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের ফর্মুলা সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন।
রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।
বাজার স্থিতিশীল রাখার বিষয়ে মন্ত্রী বলেন, এর দুটি দিক রয়েছে। প্রথমত বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত পণ্যের দাম সহনীয় ও স্থিতিশীল রাখা।
গোপালগঞ্জে বিকাশের লেনদেন বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিকাশের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন। এটি বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে আমি পত্রিকায় দেখেছি, সেটা হলো—ওইখানে যেভাবে টাকা যাচ্ছে তাতে যথেষ্ট প্রশ্নের উদ্রেক হয়েছে! ওইটা স্বাভাবিক ফ্লো না। যেই কারণে ওইটার মধ্যে সতর্কতা অবলম্বন করা হয়েছে।’
শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকো চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।