হোম > অর্থনীতি

সোনালী ব্যাংকের সব সেবা আগামীকাল রাত ১২টা থেকে ৪৮ ঘণ্টা বন্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। আজ বুধবার (১৪ অক্টোবর) এ-সংক্রান্ত এক সার্কুলারে এই ডাউনটাইমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, সোনালী ব্যাংক পিএলসির ‘ইন্টেলেক্ট সিবিএস ১০.০০’ সফটওয়্যারের ডেটাবেইস ভার্সন ‘ওরাকল ১১ জি’ থেকে ‘১৯ সি’-তে উন্নীত করার উদ্দেশ্যে এই ডাউনটাইম মঞ্জুর করা হয়। অনুমোদিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত ডাউনটাইম শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে ও শেষ হবে আগামী শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে। এই দুই দিন বা প্রায় ৪৮ ঘণ্টা ব্যাংকের সব ধরনের কার্যক্রম ও সেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সার্কুলারে আরও জানানো হয়, ১৭ অক্টোবর নির্ধারিত ডাউনটাইম শেষে কোনো প্রযুক্তিগত জটিলতা না থাকলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমসহ বিভিন্ন সেবা পুনরায় চালু হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সুবিধার্থে পর্যাপ্ত প্রচারণা অব্যাহত রাখার শর্তে ব্যাংকটিকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।