হোম > অর্থনীতি

বাংলাদেশে নিম্নমানের উড়োজাহাজ ও সেবা দিচ্ছে কিছু এয়ারলাইনস: বেবিচকের পর্যবেক্ষণ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু এয়ারলাইনস অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ পরিচালনা করছে এবং যাত্রীসেবাও দিচ্ছে নিম্নমানের—এমন পর্যবেক্ষণ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ তথ্য জানিয়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি সব এয়ারলাইনসকে যাত্রীসেবার মান উন্নয়নের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে উড়োজাহাজের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, আন্তর্জাতিক রুটে সেবার মানে বৈষম্য দূর করা ও বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইনস ও এয়ারলাইনস অপারেটিং কমিটির কাছে পাঠানো হয়েছে।

বেবিচকের পর্যবেক্ষণে বলা হয়েছে, কিছু এয়ারলাইনস তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ব্যবহার করছে। পাশাপাশি যাত্রীদের জন্য সেবার মান ও সুযোগ-সুবিধাও তুলনামূলকভাবে কম। এ ধরনের বৈষম্য দূর করে বাংলাদেশ রুটেও অন্যান্য আন্তর্জাতিক রুটের সমমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে উড়োজাহাজের কেবিনের পরিচ্ছন্নতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার, ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন ও অপরিপাটি অবস্থায় থাকছে। এতে যাত্রীদের স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের পরিবেশ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি এড়াতে প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে কেবিন যথাযথভাবে পরিষ্কার এবং উড়োজাহাজের সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের স্বাচ্ছন্দ্য, সুযোগ-সুবিধা ও সেবা দেওয়া হয়, বাংলাদেশ রুটেও একই মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে বেবিচক। রুটভেদে যাত্রীসেবার মানে বৈষম্য না করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনস অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিমানভাড়া নিয়েও উদ্বেগ জানিয়েছে বেবিচক। চিঠিতে বলা হয়েছে, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত যাত্রীসেবার তুলনায় কিছু রুটে বিমানভাড়া অপেক্ষাকৃত বেশি। এই অবস্থায় ভ্রমণের দূরত্ব বিবেচনায় ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক মূল্য নিশ্চিত করার উদ্যোগ নিতে এয়ারলাইনসগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বেবিচক জানিয়েছে, উড়োজাহাজের পরিচ্ছন্নতা, সেবার মান ও বাস্তব পরিস্থিতি যাচাই করতে সংস্থাটি নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে। যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও আন্তর্জাতিক মানের ভ্রমণের পরিবেশ নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।