ঢাকার অদূরে আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন ২৯ বছর বয়সী সেলাই অপারেটর রোকসানা পারভীন। তাঁর দুই মেয়ে। সংসারের খরচ সামলাতে গিয়ে মেয়েদের পুষ্টিকর খাবার দিতে পারছেন না তিনি। এমনকি খরচ কমাতে এক মেয়ের স্কুলে যাওয়াও বন্ধ করে দিতে হয়েছে।
বাংলাদেশের পোশাকশিল্পের রপ্তানি আয় ও উৎপাদন বাড়লেও এ খাতের শ্রমিকদের বড় অংশের জীবন কাটছে আর্থিক সংকটে। অপর্যাপ্ত মজুরি ও নিত্যপণ্যের বাড়তি দামের কারণে খাবার, চিকিৎসা ও সন্তানের শিক্ষার মতো প্রয়োজনীয় খরচ কমাতে বাধ্য হচ্ছেন তাঁরা।
রোকসানা ও তাঁর দুই মেয়ে বেশির ভাগ সময় ভাত ও সবজি খেয়েই দিন কাটায়। মাংস ও মাছ এখন তাদের নাগালের বাইরে চলে গেছে। রোকসানা বলেন, ‘কিছু কেনার আগে দুবার ভাবতে হয়, এমনকি খাবার কেনার ক্ষেত্রেও। আমি জানি, আমার মেয়েদের আরও ভালো খাবার খাওয়া উচিত। কিন্তু সেই সামর্থ্য আমার নেই।’
রোকসানার মতোই আর্থিক চাপে রয়েছেন গাজীপুরের পোশাকশ্রমিক শিল্পী খাতুন। ২৭ বছর বয়সী এই নারী পোশাকশ্রমিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর স্বামী বেকার। নিজের মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির ভরণপোষণের দায়িত্বও তাঁর ওপর।
প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাঠ জ্বালিয়ে মাটির চুলায় রান্না করেন শিল্পী। গ্যাসের খরচ বহন করার সামর্থ্য নেই তাঁর পরিবারের। এরপর ঢাকার উপকণ্ঠে শিল্পাঞ্চল গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজে যান তিনি।
পাঁচ বছর ধরে পোশাকশিল্পে কাজ করেও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে শিল্পীকে। তিনি বলেন, ‘এখন সবকিছুর দাম বেড়েছে। বাড়িভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দামও বেশি। যা আয় করি, মাস শেষ হওয়ার আগেই সব শেষ হয়ে যায়।’
শিল্পী ও রোকসানার মতো হাজারো পোশাকশ্রমিকের ক্ষোভ থেকে গত সপ্তাহে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন হয়। শ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানান। তবে আন্দোলনের একাংশ সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে কয়েক শ পোশাক কারখানা বন্ধ রাখতে হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
এরপর ৪ নভেম্বর সরকারের মজুরি বোর্ড ডিসেম্বর থেকে সংশোধিত মজুরিকাঠামো কার্যকরের বিষয়ে সম্মত হয়। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের জানুয়ারিতে প্রথম বর্ধিত বেতন পাওয়ার কথা। তবে মজুরি কতটা বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মূলত কম শ্রমব্যয়ের কারণে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে। এ ক্ষেত্রে চীনের পরই বাংলাদেশের অবস্থান। এই শিল্পের উৎপাদনভিত্তি হিসেবে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর কাছেও বাংলাদেশ পছন্দের জায়গা। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এইচ অ্যান্ড এম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্ট।
বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে পোশাকশিল্প থেকে। এ খাতে কাজ করেন ৪০ লাখের বেশি মানুষ। তবে শিল্পটির সাফল্যের পেছনে থাকা শ্রমিকদের বড় অংশের জীবনযাত্রার চিত্র ভিন্ন। অপর্যাপ্ত মজুরি ও বাড়তি ব্যয়ের চাপে তাঁদের খাবার, স্বাস্থ্যসেবা এবং পরিবারের অন্যান্য প্রয়োজনীয় খরচ কমাতে হচ্ছে।
তবে মালিকপক্ষের দাবি, এক লাফে মজুরি অনেক বেশি বাড়ানো হলে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশের উৎপাদন ব্যয়ের সুবিধা কমে যাবে। জ্বালানির বাড়তি খরচের কারণে এমনিতেই মুনাফার ওপর চাপ রয়েছে। এর মধ্যে বড় অঙ্কের মজুরি বাড়ানো শিল্পের ওপর আরও চাপ তৈরি করবে। তাদের যুক্তি, শ্রমিকেরা মূল বেতনের বাইরে বছরে ৯ শতাংশ হারে ইনক্রিমেন্ট ও দুটি উৎসব বোনাস পান। ফলে উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানোর সুযোগ সীমিত।
কিন্তু শ্রমিকদের বক্তব্য, মজুরি বাড়লেও তা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারেনি। ফলে প্রতিদিনের খরচ মেটাতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
শিল্পী খাতুন জানান, সবচেয়ে খারাপ দিনগুলোতে তাঁর পরিবারকে মুড়ি খেয়েই থাকতে হয়। স্বামীর সঙ্গে একটি ছোট টিনের ঘরে থাকেন তিনি। শারীরিক সমস্যা দেখা দিলেও গত তিন বছরে একবারও চিকিৎসকের কাছে যাননি।
পাঁচ বছরে শিল্পী খাতুনের বেতন কিছুটা বেড়েছে; কিন্তু জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, সেই তুলনায় আয় বাড়েনি। চাকরিতে যোগ দেওয়ার সময় তাঁর বেতন ছিল ৯ হাজার টাকা। এখন পান ১৩ হাজার ৫০০ টাকা। অতিরিক্ত সময় (ওভার টাইম) কাজ করলে আয় হয় সর্বসাকুল্যে ১৬ হাজার টাকা। কিন্তু তারপরও পরবর্তী মাসের বেতন পাওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়।
২০২২ সাল থেকে বাংলাদেশে মূল্যস্ফীতির গড় হার ৯ শতাংশের কাছাকাছি। খাদ্যের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে চলেছে। একদিকে পোশাক খাতের বিলিয়ন ডলারের আয়, অন্যদিকে রোকসানার মেয়ের শিক্ষাজীবন থমকে যাওয়া—এই দুই বিপরীত বাস্তবতার মধ্য দিয়েই কাটছে দেশের পোশাকশ্রমিকদের জীবন।
তথ্যসূত্র: রয়টার্স