সংসদীয় কমিটির পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন ছাড়াই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন (সংশোধন) বিল পাসের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে না পাঠিয়ে পরদিনই পাসের জন্য বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, অর্থমন্ত্রী বিলটি আগামীকাল (মঙ্গলবার) উত্থাপন করতে চাইলে তা করতে পারবেন। কারও আপত্তি থাকলে তাঁরা বিধি অনুসারে ব্যবস্থা নিতে পারবেন।
আজ সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালিবিধির ক্ষমতাবলে স্বল্পতম নোটিশে বিলটি উত্থাপনের জন্য অর্থমন্ত্রীকে আহ্বান করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে অর্থমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন।
উত্থাপনের পর অর্থমন্ত্রী বলেন, ‘আমি প্রস্তাব করছি, বিলটি আগামীকাল রিপোর্ট দেওয়ার জন্য এবং পাস করার জন্য।’
এ সময় পাশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি নিয়ম মাফিক একদিনের মধ্যে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানোর কথা বলেন। তখন ডেপুটি স্পিকার অর্থমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তো স্থায়ী কমিটিতে যাওয়ার জন্য বলেননি।’
জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, এটা একটা ইনোসেন্ট বিল। আমার মনে হয় না এতে বিরোধী দলের আপত্তি থাকবে। স্থায়ী কমিটিতে না গিয়ে, আমি আশা করব, আগামী এক দিনের সময় নিয়ে এটি উত্থাপন করার জন্য। স্থায়ী কমিটিতে না পাঠানোর জন্য আমি অনুরোধ করছি।’
এ সময় ডেপুটি স্পিকার জানতে চান, অর্থমন্ত্রী বিলটি পরদিন উত্থাপন করতে চান কি না। তিনি বলেন, ‘যদি আপত্তি থাকে, ওনারা বিধি অনুসারে করবেন।’
এরপর অর্থমন্ত্রী আবারও বলেন, ‘এটি একটি ইনোসেন্ট বিল।’
সাধারণত সংসদে কোনো বিল উত্থাপনের পর সেটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
গত ১৪ অক্টোবর এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছিল। চলতি অধিবেশনের প্রথম বৈঠকে সেটি উপস্থাপন করা হয়। এখন সেটাকে আইনে পরিণত করতে বিল আনা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান করা হয়। এই পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে বলে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে লিখিত বক্তব্য পাওয়া গেছে।
বিলে বলা হয়েছে, প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত বা নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে।