• জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ ৩৩ শতাংশ
• প্রভিশন ঘাটতি ১ লাখ ৯১ হাজার কোটি টাকা
• ৮০-৯০ শতাংশ খেলাপি ঋণ আদায়ের সম্ভাবনা ক্ষীণ
দেশের ব্যাংক খাতের আর্থিক সংকট এখন গভীর থেকে গভীরতর হচ্ছে। বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। এসব ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ। বিপুল খেলাপি ঋণের বিপরীতে সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়ার মতো মূলধনও নেই ব্যাংকগুলোর; বরং পুরো ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত নেমে গেছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে। প্রয়োজনীয় প্রভিশনের ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর ঋণের মান যাচাইয়ে স্বাধীন পর্যালোচনা এবং ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে নলেজ হাব। প্রতিষ্ঠানটি বলেছে, ডিসেম্বরের মধ্যে ঋণ পর্যালোচনা শেষ করে ২০২৭ সালের মার্চের মধ্যে মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে ব্যাংক খাতের এই চিত্র উঠে এসেছে। গতকাল শনিবার রাজধানীর শ্যামলীতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে গবেষণার তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। এই বিপুল খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে পারেনি ব্যাংকগুলো। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকার ঋণ।
অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণে পরিণত হয়েছে। বিশেষ করে মন্দ ঋণ থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। তাঁর মূল্যায়নে, খেলাপি ঋণের ৮০ থেকে ৯০ শতাংশই আদায়ের অনিশ্চয়তায় রয়েছে।
শাহ মো. আহসান হাবিব বলেন, ‘আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, এই ৩৩ শতাংশ খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশের কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অনিয়ম ও অপরাধের বিষয় জড়িত। এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা রাখতে হবে।’
ব্যাংকের ধরনভেদে খেলাপি ঋণের চিত্র আরও উদ্বেগজনক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ। বেসরকারি ব্যাংকে এই হার ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলো। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশ। একই সময়ে এ ধরনের ব্যাংকে আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ। ঋণ-আমানত অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে।
ব্যাংক খাতে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহে স্থবিরতা কাটছে না। গত আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। অথচ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে। ওই মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। এ অবস্থায় নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখে বাংলাদেশ ব্যাংক।
প্রতিবেদনে আরও বলা হয়, গত আগস্টে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে সামগ্রিকভাবে বিপুল তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটেনি।