• জ্বালানি ব্যয়কে প্রধান চাপ মনে করেন ৫০ শতাংশ ব্যবসায়ী।
• কাঁচামালের মূল্যবৃদ্ধিকে বড় চ্যালেঞ্জ মনে করে ৪৯ শতাংশ।
জ্বালানি ও কাঁচামালের বাড়তি দাম বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় ব্যয়ের বোঝা হয়ে উঠেছে। দেশের অর্ধেক ব্যবসায়ী জ্বালানি ব্যয়কে তাঁদের ব্যবসার প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছেন। আর ৪৯ শতাংশ ব্যবসায়ীর কাছে বড় চ্যালেঞ্জ কাঁচামালের মূল্যবৃদ্ধি। শুধু বর্তমান ব্যয় নয়, আগামী দুই বছরেও ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশের ৭৬ শতাংশ ব্যবসায়ী।
এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬ ’-এর বাংলাদেশবিষয়ক তথ্যে এমন চিত্র উঠে এসেছে। গতকাল রোববার প্রকাশিত জরিপে দেখা যায়, অংশ নেওয়া বাংলাদেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান এরই মধ্যে সামগ্রিক ব্যয় বৃদ্ধির চাপে রয়েছে। ব্যয় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চলতি মূলধনের চাহিদাও। ২০২৫ সালের পর থেকে চলতি মূলধনের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে ৬৪ শতাংশ প্রতিষ্ঠান।
বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়ী নির্বাহীর মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালনা করেছে এইচএসবিসি। গত ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিশ্বের ২৬টি দেশে জরিপটি পরিচালনা করা হয়। এতে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ব্যয়সংকটের পাশাপাশি সরবরাহব্যবস্থা পুনর্বিন্যাস, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে তাদের মনোভাবও উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিজ দেশে ফিরিয়ে আনা বা পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ৫৫ শতাংশ প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে বৈশ্বিক গড় ৩৬ শতাংশ। অর্থাৎ সরবরাহব্যবস্থার কৌশল পরিবর্তনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর তৎপরতা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।
একইভাবে চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস ও বাজার গড়ে তোলার ‘চায়না প্লাস ওয়ান’ কৌশল নিয়েছে দেশের ৫৭ শতাংশ প্রতিষ্ঠান। বৈশ্বিক গড়ও এ ক্ষেত্রে ৩৬ শতাংশ। এ প্রবণতা থেকে বোঝা যায়, সরবরাহব্যবস্থার অনিশ্চয়তা মোকাবিলায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো বিকল্প উৎস ও উৎপাদনব্যবস্থার দিকে ঝুঁকছে।
ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশের ব্যবসায়ীরা। আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাসী ৯১ শতাংশ ব্যবসায়ী। তাঁদের মধ্যে ৫৬ শতাংশ খুবই আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন।
ঝুঁকি মোকাবিলায় নেওয়া পদক্ষেপের কার্যকারিতা নিয়েও ইতিবাচক মূল্যায়ন রয়েছে। জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, ঝুঁকি মোকাবিলায় তাদের নেওয়া পদক্ষেপ কার্যকর হয়েছে। এসব পদক্ষেপের ফলে নগদ অর্থপ্রবাহ এবং চলতি মূলধনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ৮১ শতাংশ প্রতিষ্ঠান।
এদিকে ব্যবসায়িক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারও বাড়ছে। বাংলাদেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান বাণিজ্যসংশ্লিষ্ট অন্তত একটি কাজে এআই ব্যবহার শুরু করেছে।